প্রায় একমাস আগেই আমি আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলাম : মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথম মৌসুম আইপিএল খেলেই বাজিমাত করেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। এরপর আরোও দুই আসর খেলেছেন আইপিএলে। তবে চলতি বছর আইপিএলে প্রথমে অবিক্রিত থাকলেও সম্প্রতি শোনা গেছে কলকাতা এবং মুম্বাই উভয় দলই তাকে দলে নিতে চাই। শোনা গেছে প্রায় এক মাস আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার প্রস্তাব পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের পরিবর্তিত সূচি প্রকাশের পরই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স।

মুস্তাফিজকে পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছেও ই-মেইল বার্তা পাঠিয়েছিল নাইট রাইডার্স কর্তৃপক্ষ। কিন্তু এ মাসেই শ্রীলঙ্কা সফর থাকায় মুস্তাফিজকে আইপিএলে খেলতে দিতে সম্মতি পোষণ করেনি বিসিবি। সেকারণে তাঁকে অনাপত্তিপত্রও দেয়নি তারা।

কলকাতার কাছ থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘প্রায় এক মাস আগে আমি কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলাম। ওরা আমাকে তাদের দলে নিতে প্রস্তুত ছিল। তারা প্রথমে আমাকে একটি ই-মেইল পাঠায়। এরপর তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। সম্ভবত বোর্ডের কাছেও একটি মেইল পাঠায় তারা। হয়তো কেকেআর কর্তৃপক্ষ আমি ফ্রি আছি কিনা সেটা জানতে চেয়েছিল। কিন্তু বিসিবি তাদের প্রস্তাব বাতিল করে দিয়েছে কারণ সামনে শ্রীলঙ্কা সফর আছে আমাদের। আমার সাথে মুম্বাই ইন্ডিয়ান্সও যোগাযোগ করেছে। হয়তো সেটা তারা করেছে আরব আমিরাতে পৌঁছে কিংবা তার আগেই। আমার আসলে সঠিক মনে নেই তারিখটা। তবে মুম্বাই এবং কলকাতা উভয় দল একই সময়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মাসের ২৪ তারিখ দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট সিরিজ ২৪ অক্টোবর থেকে শুরু হলেও করোনার কথা মাথায় রেখে আগেভাগেই শ্রীলঙ্কা সফরে যাবে মুমিনুল-তামিমরা। আর এই সময়টাতেই অনুষ্ঠিত হবে আইপিএল। ফলে জাতীয় দলকে সময় দিতে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না মুস্তাফিজের।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »