এবারই প্রথম আইপিএলের ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে নাডা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২০। ইতোমধ্যেই সমস্ত ফ্রাঞ্চাইজি পৌঁছে গিয়েছে আমিরাতে। তবে আইপিএল শুরুর আগে করোনা সুরক্ষা মেনেই ক্রিকেটারদের ডোপ পরীক্ষা হবে।

এই প্রথমবার আইপিএলে ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করতে চলেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। ক্রিকেটারদের উপর নজর রাখতে নাডার তরফে ৩ জন শীর্ষকর্তা এবং ৬ জন ডোপ কন্ট্রোল অফিসার যাচ্ছেন আমিরাতে। প্রয়োজনে আগামীদিনে আরও আধিকারিক পাঠানো হতে পারে। প্রতি দলে দু’‌জন করে ডোপ কন্ট্রোল অফিসার এবং একজন করে নাডার আধিকারিক উপস্থিত থাকবেন। আর যে দুটি অনুশীলনের মাঠ থাকছে সেখানে উপস্থিত থাকবেন আমিরশাহীর অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের কর্তারা।

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা এবং আরব আমিরাত ন্যাশনাল অ্যান্টি ডোপিং কমিটি যৌথভাবে ক্রিকেটারদের ডোপ টেস্ট করবে। ইতোমধ্যেই নাডা তাদের পরিকল্পনা তৈরি করে ফেলেছে। জানা গিয়েছে আরব আমিরাতে পাঁচটি ডোপ কন্ট্রোল স্টেশন তৈরি করতে চলেছে নাডা।

দুবাই, আবুধাবি এবং শারজাতে এবছর আইপিএল হবে। এছাড়াও আমিরাতে আরও দুই জায়গায় বসতে চলেছে ডোপ কন্ট্রোল স্টেশন। নাডার পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল চলাকালীন ৫০ জন ক্রিকেটারের স্যাম্পেল নেওয়া হবে। যার মধ্যে রক্ত এবং মূত্রের নমুনা সংগ্রহ করা হবে। আইপিএল শুরুর আগে এমনকি আইপিএল চলাকালীন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের ডোপ পরীক্ষা করা হবে। এমনকি করোনা পরিস্থিতিতে নো কন্যাক্ট পদ্ধতিতে ডোপ টেস্ট হবে বলে জানিয়েছে নাডা।

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »