নিউজ ডেস্ক »
সামনের মাসেই শুরু হবে চলতি বছরের আইপিএল আসর। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসকে বোলিং কোচ হিসেবে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। পরিস্থিতি ঠিক থাকলে জেমস হোপসের জায়গাই দিল্লি শিবিরে যোগ দেবেন সাবেক এই অজি পেসার।
কিছুদিন আগে নিজস্ব ব্যক্তিগত কারণ দেখিয়ে বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যহতি নেন ৪১ বছর বয়সী সাবেক অলরাউন্ডার হোপস। এরপর থেকে পাখির চোখের মতো বোলিং কোচের খোঁজ করছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। অবশেষে জল্পনা কল্পনা শেষে সাবেক ডানহাতি পেসার হ্যারিসের সঙ্গে চুক্তির হিসাব মেটালো দিল্লি।
এর আগে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে হ্যারিসের। তবে এবার সম্পূর্ণ নতুন দায়িত্ব সেটা বোলিং কোচের ভূমিকা। আইপিএলে আবার যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অজি ক্রিকেটার।
দিল্লি শিবিরে যোগ দেওয়ার বিষয়ে হ্যারিস বলেছেন,”আমি আইপিএলে ফিরতে পেরে বেশ আনন্দিত। ফ্র্যাঞ্চাইজিটিকে আইপিএল শিরোপা এনে দেয়ার ক্ষেত্রে এটা অনেক বড় সুযোগ আমার জন্য। দিল্লি ক্যাপিটালসের বোলিং লাইন আপ দুর্দান্ত এবং তাদের সঙ্গে কাজ করার জন্য আমার তর সইছে না।”
দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে পেস এ্যাটাকের দায়িত্বে থাকবেন কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা, অ্যানরিক নরকিয়াদের মতো পেসাররা। এছাড়াও থাকবেন কিমো পল, মোহিত শর্মা এবং মার্কাস স্টয়নিসরা।
নিউজক্রিকেট২৪/এসএস
