পেস বোলিংয়ে সর্বকালের সেরা অ্যান্ডারসন: ডম বেস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ড পেসাররা একের পর এক ক্যাচ না ছাড়লে এতক্ষণে টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলকে পা রেখে ফেলতেন জেমস অ্যান্ডারসন। সতীর্থদের ক্যাচ মিসের কারণে সাউদাম্পটন টেস্টের ৩য় দিন শেষে এন্ডারসনের নামের পাশে থাকলো ৫৯৮ উইকেট। অপেক্ষা আরো বাড়লো অ্যান্ডারসনের, অপেক্ষাটা মাত্র ২ উইকেটের।

আর ২ উইকেটের অপেক্ষা ফুরোলেই অ্যান্ডারসন চলে যাবেন অন্য এক উচ্চতায়। ৩৮ বছর বয়সি এই পেসার টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক হবেন। তবে সাউদ্যাম্পটনের আবহাওয়া অ্যান্ডারসনের অপেক্ষার প্রহর আরো দীর্ঘ করতেই পারে। কারণ চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।

৬০০ উইকেটের মাইলফলক এখনো ছুঁতে না পারলেও অ্যান্ডারসন এখন সর্বকালের সেরাদের আসনে আছেন , এমনটাই মনে করেন তার সতীর্থ ইংলিশ স্পিনার ডম বেস।তৃতীয় দিন সংবাদ সম্মেলনে ইংলিশদের হয়ে কথা বলেন এই স্পিনার। বেস বলেন, ‘বোলিংয়ে সর্বকালের সেরা সে এবং ইংল্যান্ডের শ্রেষ্ঠ। পয়েন্টে দাঁড়িয়ে থেকে দেখতে দারুণ লাগছিলো যে সে কিভাবে ধারাবাহিকভাবে উইকেটগুলো নিচ্ছিলো।’সম্প্রতি তার অবসর সংক্রান্ত অনেক আলাপ আলোচনাও হয়েছে। এরপর সে বোলিং দিয়ে সব কিছু যেভাবে উড়িয়ে দিল, এটাই তা প্রমাণ করে সে কতোটা ভালো মানের একজন বোলার’।

রবিবার পাকিস্তানের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। ২৯তম বার ৫ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করেছেন এই ইংলিশম্যান। টেস্টে এই রেকর্ডে পেসারদের মধ্যে তারা এখন যৌথভাবে দ্বিতীয়। ৩৬ বার ৫ উইকেট নিয়ে পেসারদের সবার ওপরে নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি।৫৯৮ উইকেট শিকার করে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার অ্যান্ডারসন। তাকে পেছনে ফেলতে অন্য পেসারদের পারি দিতে হবে অনেক পথ । অ্যান্ডারসন পেসার হিসেবে এখন চলে গেছেন ধরা ছোয়ার বাইরে।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »