নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন বছর খানেক হলো। এক বছর আগে একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিসবাহ উল হক। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে দুটি দায়িত্বে বুঝে পান দেশটির সাবেক এই অধিনায়ক।
তবে এক বছর যেতে না যেতেই মিসবাহকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরিয়ে দেওয়ার সিধান্তে অনেকদূর এগিয়েও গেছে দেশটির ক্রিকেট বোর্ড।
বর্তমানে চলমান ইংল্যান্ড সিরিজ শেষ হলে একজন সাবেক তারকা পেসারকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেবে পিসিবি এমন তথ্য পাওয়া গেছে। মূলত মিসবাহর উপর থেকে চাপের বোঝা কমাতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
সেই সূত্রটি জানিয়েছে, ‘পিসিবি মনে করছে মিসবাহর উপর থেকে এই বাড়তি বোঝা সরিয়ে ফেলা উচিত এবং তাঁকে প্রধান কোচের দায়িত্ব ভালোভাবে পালন করতে দেয়া উচিত। কারণ আগামী তিন বছরের মধ্যে বেশ কয়েকটি আইসিসি ইভেন্ট রয়েছে। মিসবাহ পাকিস্তান ক্রিকেটে একমাত্র ব্যক্তি যাকে একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়। এখানে একটি সংশয় ছিল যে সাবেক এই অধিনায়ক কি দুটি দায়িত্বই ন্যায়সঙ্গতভাবে পালন করতে পারবেন কিনা। একজন সাবেক পেসার বিবেচনায় রয়েছে যে ছিল তাঁর সময়ের একজন বড় তারকা। ইংল্যান্ড সিরিজের পর তাঁর সঙ্গে চূড়ান্ত করা হবে সবকিছু।’
নিউজক্রিকেট/শাওন
