নিউজ ডেস্ক »
বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে এখন থেকেই অনূর্ধ্ব ১৯ দলকে নিয়ে কাজ শুরু করেছে বিসিবি। তরুণ যুবাদের নিয়ে বিকেএসপিতে শুরু করছে ক্যাম্প। ক্যাম্প শুরুর আগে ক্রিকেটার ও দলের স্টাফদের করা হচ্ছে করোনা পরীক্ষা। তিন ভাগ বিভক্ত হয়ে করা হচ্ছে করোনা টেস্ট। প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ হলেও এবার ২য় ধাপের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে একজনের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পকে সামনে রেখে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা শুরু হয়েছে ১৬ আগস্ট। প্রথম দিন বিসিবির মেডিক্যাল রুমে ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। যাদের প্রত্যেকের ফলাফলই নেগেটিভ এসেছিল। গতকাল দ্বিতীয় ধাপে আরও ১৫জন যুব ক্রিকেটারের করোনা পরীক্ষা করে বিসিবি। এখানেই দুঃসংবাদ শুনতে হয় তাঁদের। ১৫জনের মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। তবে সেই তরুণের নাম প্রকাশ করেনি বিসিবির মেডিকেল বোর্ড।
ফলাফল নেগেটিভ আসার পর বুধবার সকালে বিসিবির বাসে বিকেএসপির পথে রওনা দিতে দেখা যায় ১৪ জন যুবা ক্রিকেটারকে। বিশ্বচ্যাম্পিয়ন আকবর আলীদের যে বাসে যাতায়াত করানো হতো সেই বাসেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ছেড়েছেন তারা। এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষা শেষে ১৫ জন ক্রিকেটারকে পাঠানো হয়েছে বিকেএসপিতে। পরের ধাপের করোনা টেস্ট হবে আগামী শুক্রবার।
২২ আগস্ট বিশ্বকাপ দল বাছাইয়ের উদ্দেশ্যে বিকেএসপিতে ক্যাম্প করবে ৪৫ জন ক্রিকেটার। তাদের নিয়ে বিকেএসপিতে হবে ফিটনেস ট্রেনিং, কন্ডিশনিং ক্যাম্প, স্কিল ট্রেনিং । তিন দলে ভাগ হয়েই এই ক্যাম্প করানো হবে। এই ক্যাম্পে কয়েকটি প্রাকটিস ম্যাচও খেলবে নয়া যুবা টাইগাররা।
নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান
