বিশ্বাস করি আমাদের অনেক ভালো সুযোগ আছে- তামিম ইকবাল

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাস প্রকোপের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘ চার মাস মাঠ থেকে দূরে ছিলেন। বাসা থেকে বের হয়ে স্টেডিয়ামে গিয়ে অনুশীলন পর্যন্ত করতে পারেননি। এমন অবস্থার মধ্যে সকল ক্রিকেটারদের মানসিক ভাবে ফুরফুরে রাখতে বিশেষ এক মনোবিদের দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল থেকেই মাঠের অনুশীলনে ফিরেছেন আরে মাঠে ফিরেই তিনি জানিয়েছেন, মনোবিদের কাছ থেকে নেওয়া পরামর্শ অনেকটাই কাজে দিয়েছে। চারমাস মাঠ থেকে বাইরে থাকা এই পুরোটা সময় ঘরে বসে থাকা মোটেই সহজ কাজ ছিল না। পরবর্তী শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রুতই মানসিক ভাবে আরও শক্ত অবস্থানে যেতে চান তামিম।

এ প্রসঙ্গে তামিম বলেছেন,”এই চার মাসে বিসিবিও কিছু সেশন ঠিক করে দিয়েছিল আমাদের যেন আমরা মানসিকভাবে ভালো অবস্থায় থাকি। ব্যক্তিগতভাবে আমিও দুই তিনটি সেশন করেছি। আমার কাছে মনে হলো এগুলো অবশ্যই সাহায্য করেছে। আমি যেটা বললাম যে চার মাস সহজ ছিল না।”

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই শ্রীলঙ্কার বিমান ধরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সফরটি ঘিরেই নতুন সব পরিকল্পনা সাজাচ্ছেন তামিম। তামিমের বিশ্বাস লঙ্কা সফরেই বাংলাদেশের জন্য বড় সুযোগ রয়েছে। এখন লক্ষ্য ঠিক রেখে মানসিক ভাবে শক্ত হওয়াই আসল চ্যালেন্জ।

তামিমের মতে,”আমাদেরকে নিশ্চিত করতে হবে ওখান থেকে বের হয়ে এসে যেন তাড়াতাড়ি মানসিকভাবে শক্ত অবস্থানে আসতে পারি। কারণ আমাদের একটা বড় সফর আসছে সামনে। আমি বিশ্বাস করি যে আমাদের অনেক ভালো সুযোগ আছে।”

নিউজক্রিকেট২৪/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »