পরাজয় ভুলে, ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মিসবাহর

নিউজ ডেস্ক »

ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়েও ইংলিশদের কাছে ধরাশায়ী হয় পাকিস্তান। বাটলার-ওকসের দূর্দান্ত এক জুটিতে পাকিস্তানের জয়ের আশা ম্লান হয়ে যায়। তবে এই ম্যাচ নিয়ে ভাবছে না পাকিস্তান বরং সামনের দুই ম্যাচে আরো শক্তিশালী রুপে ঘুরে দাঁড়াবে আজহার আলীর দল এমনটাই দাবী করেছেন প্রধান কোচ মিসবাহ-উল-হক।

গেলো সোমবার সাবেক এই অধিনায়ক ব্যক্তিগত ওয়েবসাইটে লিখেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডের টেস্ট ম্যাচের পরে ভক্তরা যেমন হতাশ বোধ করছে তাদের বলছি, ক্রিকেট এভাবেই হয়। জয় ও পরাজয়ের মধ্যে খুব সামান্য ব্যবধান রয়েছে এবং আপনি হেরে গেলে নিজেকে দোষী বলা সহজ।’

‘তবে আমাদের মনে রাখা উচিত যে খেলার শেষ সেশন পর্যন্ত আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম এবং আমরা খুব ভাল ক্রিকেট খেলেছিলা,। অবশ্যই আমাদের ১০ থেকে ১৫ শতাংশ উন্নতি করতে হবে এবং চাপের পরিস্থিতিগুলো আরও ভালভাবে মোকাবেলা করতে হবে।’

মিসবাহ আর বলেন, ‘আমাদের মানসিকভাবে হতাশ হওয়া উচিত নয়। হতাশা অবশ্যই আছে, তবে আমাদের অবশ্যই এই অনুভূতিটি মনে মনে রাখা উচিত নয়, অন্যথায় ফিরে আসা কঠিন হবে। তবে দল বিশ্বাস করে আমরা ফিরে লড়াই করতে পারি।’

সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে শান মাসুদের দূর্দান্ত দেড়শোতে ৩২৬ রান সংগ্রহ করে সফরকারীরা। আব্বাস-নাসিমদের বোলিং তোপে মাত্র ২১৯ রানেই গুড়িয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১০৭ রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংস শুরু করলেও ব্রড-আর্চারদের সামনে প্রতিরোধ করতে পারেনি শান মাসুদ-বাবর আজমরা! মাত্র ১৬৯ রানেই ইনিংস থামলে ইংলিশদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৭ রানের। লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১১৭ রানে ৫ উইকেট হারালেও জস বাটলার ও ক্রিস ওকসের ১৩৯ রানের দূর্দান্ত জুটিতে ৩ উইকেটের জয় পায় ইংলিশরা।

আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজক্রিকেট২৪/ এইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »