মাঠে বসে আইপিএল দেখার সুযোগ দিতে চায় আরব আমিরাত বোর্ড

নিউজ ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এবারের আসরের আইপিএলে সরকার অনুমোদন দিলে আমিরাত ক্রিকেট বোর্ড দর্শকদের দিয়ে ৩০-৫০ শতাংশ স্টেডিয়াম পূরণ করতে আগ্রহী। শুক্রবার পিটিআইকে এমনটাই জানিয়েছেন আরব আমিরাতের ক্রিকেট বোর্ড সচিব মুবাশির উসমানী।

আইপিএলের তারিখ ঘোষণার সময় আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রজেশ প্যাটেল পিটিআইকে বলেছিলেন, ১৯শে সেপ্টেম্বর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য আইপিএলে দর্শক থাকবে কিনা সে বিষয়ে আরব আমিরাতের সরকার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। তারিখ ঘোষণার সময়ই বিসিসিআই থেকে জানানো হয় ভারত সরকারের অনুমতি পেলেই বাকি কার্যক্রম শুরু করবে আইপিএল কর্তৃপক্ষ।

টেলিফোনে উসমানি জানান, ‘আমরা বিসিসিআই থেকে নিশ্চয়তা পেলে (ভারত সরকারের অনুমতি সাপেক্ষে) তারপর বিসিসিআই এর পূর্ণাঙ্গ প্রস্তাবনামা এবং এসওপি নিয়ে আমাদের সরকারের কাছে যাবো।’

‘আমরা অবশ্যই চাই আমাদের দেশের মানুষ এমন একটি মর্যাদাপূর্ণ ইভেন্টের অভিজ্ঞতা নিতে পারুক। তবে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত এখন সরকারের। এখানকার বেশিরভাগ ইভেন্টের জন্য ৩০-৫০ শতাংশ টিকেট ধরা হয়। এক্ষেত্রেও আমরা ৩০-৫০ শতাংশ দর্শকদের সুযোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা আশা করবো আমাদের সরকার এ ব্যাপারে অনুমতি দিবে’ – যোগ করেন তিনি।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »