নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বেশ কিছুদিন হলো পেটে তীব্র ব্যথা অনুভব করছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আর এ কারণেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রওনা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে তারপর ডাক্তারের শরণাপন্ন হবেন তিনি।
আজ বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন তামিম। দুবাইতে যাত্রাবিরতি দিয়ে তিনি লন্ডন পৌঁছাবেন, এমনটাই জানা গেছে।
গত সপ্তাহে পেটের ব্যথা হঠাৎই বেড়ে গেলে ঢাকার বেশ কিছু হাসপাতালে তিনি চেকআপ করান তবে চিকিৎসকরা তার রোগ নির্ণয়ে ব্যর্থ হয়। ডাক্তাররা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় সেটি করেননি তামিম।
এ প্রসঙ্গে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,”গত এক মাসে আমার তিনবার পেটের তীব্র ব্যথা হয়েছিল কিন্তু ডাক্তাররা এর পেছনের কারণটি শনাক্ত করতে পারেননি। ব্যথা এতটাই মারাত্মক যে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারি না। চিকিৎসকরা আমাকে হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন তবে এটিও সম্ভব নয় কোভিড-১৯ পরিস্থিতির কারণে। তারা আমাকে এন্ডোস্কোপি এবং কোলনোস্কোপির মতো আরও কয়েকটি পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন।”
তথ্যসূত্রঃ জাগো নিউজ
