ক্রিকেটারদের সতর্ক করতে আইসিসির চিঠি বোর্ডগুলোকে

নিউজ ডেস্ক »

চলমান কোভিড-১৯ মহামারী গণমানুষদের একটা বিশাল সুযোগ করে দিয়েছে প্রিয় ক্রিকেটারদের সঙ্গে খোশগল্পে মেতে উঠার। ক্রিকেটাররাও বর্তমান কঠিন পরিস্থিতিতে গণমানুষকে কিছুটা সস্তি দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তকুলের সঙ্গে লাইভ আড্ডায় মেতে উঠছেন। তবে এতে বেশ শঙ্কিত আইসিসির দুর্নীতি দমন কমিশন আকসু। এই সময়ে ক্রিকেটারদের সাথে গণমানুষের ভীড়ে জুয়াড়িরাও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে আশঙ্কা করছে আকসু। আর তাই, ক্রিকেটারদের সতর্ক করতে ক্রিকেট বিশ্বের সকল বোর্ডগুলোকে চিঠি দিয়েছে আইসিসি।

করোনা ভাইরাসের প্রকোপে সমগ্র বিশ্বে ক্রিকেট কার্যকম বন্ধ থাকায় ঘরবন্দী বিশ্বের প্রায় সকল ক্রিকেটার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডায় ব্যস্ত সময় পার করছেন। আকসু বলছে এসব প্রোগ্রামে জুয়াড়িদের আনাগোনা অবশ্যম্ভাবী। ক্রিকেটারদের ভক্তপ্রীতি কাজে লাগিয়ে তাদের অজান্তেই জুয়াড়িরা ক্রিকেটারদের খুব কাছের মানুষ হয়ে উঠতে পারে।

আইসিসির চিঠিতে বলা হয়েছে, ‘চলমান লকডাউনের সময় মানুষের অবসর সময়ের পরিমাণ মারাত্মক আকারে বেড়েছে। যাদের বেশিরভাগ এই সময়টা কাটাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের সৃজনশীলতার ব্যাপারে জানা যাচ্ছে তবে এগুলোর উপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে।’

ঐ চিঠিতে আরো লেখা ছিল, ‘আমরা প্রমাণ পেয়েছি, জুয়াড়িরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামে ক্রিকেটারদের সাথে এই লকডাউনের অবসর সময়ে যোগাযোগ করার চেষ্টা করছে।’

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জুয়াড়িদের খুব প্রিয় যার সাহায্যে তারা সকল অনৈতিক কর্মকান্ডের আলাপ আলোচনা করে থাকে। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল এক জুয়াড়ি।

নিউজক্রিকেট/এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »