নিউজ ডেস্ক »
বিসিবি থেকে প্রাপ্ত তিন মাসের বেতনের পুরোটাই এবার অসহায় মানুষদের সাহায্যে দান করলেন মোঃ আশরাফুল।
বিসিবি’র কেন্দ্রীয় চুক্তি থেকে সেই ২০১৩ সালে বাদ পড়লেও প্রথম শ্রেনীর চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় আশরাফুল ফিরে এসেছেন ২০১৮ সালে। প্রথম শ্রেনীর ৯১ ক্রিকেটারের চুক্তিবদ্ধ তালিকায় ‘এ’ গ্রেডে আছেন আশরাফুল।
কয়েকদিন আগেই আশরাফুল জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক শতক হাঁকানো ব্যাট নিলামে তুলবেন তিনি। এবার প্রথম শ্রেনীর চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বোর্ড থেকে প্রাপ্ত বেতনের পুরোটাও দান করে দিয়েছেন অসহায়দের মাঝে।
আশরাফুল জানান, ‘অনেকেরই এখন কাজকর্ম নেই। যার ফলে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছে তারা। আমাদের সবার উচিত সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা। কেউ কেউ দেখলাম তাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমি তাদের সাহায্যের জন্য আমার বেতনের টাকা দিয়েছি। যদিওবা আমার তিন মাসের বেতন খুব বেশি নয়। সব মিলিয়ে ৮১-৮২ হাজার টাকার মত। আমার চেনা-জানা অস্বচ্ছল যারা আছে তাদের কাউতে তো আর ৫ হাজার টাকার নিচে দেওয়া যায় না। তাই আমি চেষ্টা করেছি এভাবে সাহায্য করতে।’
আর ব্যাট নিলামে তুলার ব্যাপারে আশরাফুল বলেন, ‘যদি নিলামে বিক্রি হয় তাহলে হয়তো বড় কিছু করতে পারবো আমি। কিন্তু তার আগে আপাতত তাদের জন্য এতটুকুই করতে পেরেছি বলে ভালো লাগছে আমার। অসহায়দের জন্য আরো করার ইচ্ছে আছে আমার।’
এদিকে এই স্থবির পরিস্থিতিতে একটি খুশির সংবাদ দিয়েছেন মোঃ আশরাফুল। তিনি দ্বিতীয় বারের মত বাবা হতে চলেছেন।
সবার কাছে দোয়া চেয়ে আশরাফুল বলেন, ‘সবাই দোয়া করবেন আমাদের জন্য। সামনের মাসের শেষ সপ্তাহে তারিখ দিয়েছে ডাক্তার। মা ও সন্তান উভয়েই যেন সুস্থ থাকতে পারে সেই দোয়াটাই আপনারা করবেন।’
বাংলাদেশ সময়: ১০:০৩ এএম
নিউজক্রিকেট/ডিডিজি
