নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে পুরো ভারত জুড়ে রয়েছে লক-ডাউনে। এ কারণে স্থগিত রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। যদিও আইপিএল পরিচালনা কমিটি চাইছে মাঠে নামুক কুড়ি ওভার ক্রিকেটের এই মহাযজ্ঞ। কিন্তু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ভারতে এখন যে অবস্থা তাতে এই মুহুর্তে খেলা নিয়ে চিন্তা করাই অন্যায়। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিজ থেকে প্রস্তাব দিয়েছে, ভারতীয় বোর্ড (বিসিসিআই) যদি চায় তবে তাদের মাটিতে আইপিএল আয়োজনের জন্য তাদের জন্য দ্বিমত নেই।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লঙ্কান এই দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৭ জন, আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩৮ জন। তবে লঙ্কান বোর্ডের প্রধান কর্তা শাম্মি সিলভারের আশা, ‘দ্রুত এই পরিস্থিতির উন্নতি সাধন হবে এবং বিসিসিআই যদি চাই লঙ্কান মাঠে আইপিএল আয়োজন করতে তবে আমরা প্রস্তুতই আছি।’
বর্তমান পরিস্থিতি মোতাবেক মনে হচ্ছে, করোনা ভাইরাস প্রকোপ থেকে ভারতের আগে শ্রীলঙ্কা মুক্তি পাবে। বোর্ড প্রধান বলেন খুব দ্রুতই আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এ ব্যাপারে চিঠি পাঠাব। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে একবার আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।
