অনলাইনেই চলছে বিসিবির সকল কার্যক্রম

সাকিব শাওন »

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সকল দেশের ক্রীড়াঙ্গন থমকে গেছে। মাঠে খেলা না থাকায় ক্রিকেটাররা অবস্থান করছেন বাসাতেই পরিবারের সঙ্গে। কিন্তু মাঠের খেলা বন্ধ থাকলেও ঘরে বসে বেকার নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।

ছোট পরিসরে হলেও তাই ঘরে বসে প্রতিদিনই চালিয়ে যাচ্ছেন নানা কাজকর্ম। অনলাইনে বসেই পরিচালনা করছেন বোর্ডের সকল কার্যক্রম। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

দৈনিক সমকালকে দেয়া এক বিবৃতিতে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ” বর্তমানে ছুটি থাকলেও অনলাইনে নিয়মিতই আমাদের সকল কাজ করে যেতে হচ্ছে। আমরা সকলে সর্বক্ষণ সবার সঙ্গে যোগাযোগ রেখেছি। যখন যেটা প্রয়োজন হচ্ছে সাপোর্টিং ম্যানেজাররা সেটা সাহায্য করছে।”

তিনি আরও বলেন, ‘মাঠের খেলা বা ক্রিকেটের বাইরেও অনেক কার্যক্রম থাকে সেগুলো করছি। আইসিসির ইভেন্ট আছে সামনে। এছাড়া আইসিসির টেলিকনফারেন্স থাকে সেগুলোতেও নিয়মিত যোগ দিচ্ছি।‘

খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন অনেকে সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করছেন, সাথে করোনা ভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন সচেতনমূলক পরামর্শ ভিডিওর মাধ্যমে জানাচ্ছেন খেলোয়াড়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »