নিউজ ডেস্ক »
মহামারি করোনা ভাইরাস আতঙ্কে বর্তমানে স্থবির পুরো বিশ্ব। পুরো বিশ্ব জুড়েই অনেকটা থমথমে পরিবেশ বিরাজ করছে। বিশ্ব জুড়ে বইছে মৃত্যুর মিছিল। মহামারি এই রোগের কোন প্রতিষেধক এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি।
ক্রীড়াঙ্গনে করোনার প্রভাব খুব ভালোভাবেই পড়েছে। আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের সকল ম্যাচ হয়েছে স্থগিত। ক্রিকেটারদের এখন ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে। জিম থেকে শুরু করে অনুশীলন সবই এখন ঘরের ভেতর। করোনা ভাইরাসের এই মহামারিতে ঘর থেকে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ নাসুম আহমেদ।

নিউজ ক্রিকেট ২৪ ডট কমের সাথে আলাপকালে মোহাম্মদ নাসুম আহমেদ বলেন, ‘করোনা ভাইরাস বিশ্বের বড় বড় দেশে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও ইতিমধ্যে মহামারি করোনার প্রভাব পড়তে শুরু করেছে। আর এখনো এই ভাইরাসের কোন প্রতিষেধক তৈরী হয় নি। এটি একটি ছোঁয়াচে রোগ তাই আমাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বার বার সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আর অবশ্যই আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। কোভিড-১৯ ভাইরাস বেশ কয়েক ঘন্টা ভূপৃষ্ঠে বেঁচে থাকতে পারে, তবে সাধারণ জীবাণুনাশক এটিকে মেরে ফেলতে সক্ষম। কাজেই আমাদের সচেতন থাকার বিকল্প নেই।’
এছাড়াও নাসুম সকলের প্রতি আহবান করেছেন সবাই যেন এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপদে থাকেন। তিনি আরো বলেন, ‘এই সময় টা আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে আপনি নিরাপদ মানে আপনার পরিবার নিরাপদ। আমিও ঘরের বাইরে যাচ্ছি না। ঘরে অবস্থান করছি। আর আপনার উদ্দেশ্যে বলবো সুন্নত নামাজটা ঘরে বসে পড়ুন। আর ফরজ নামাজের জন্য মসজিদে যেতে পারেন কারণ সবার এলাকায়ই মসজিদ আছে। কাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও দেখলাম একজন পুলিশ মসজিদ থেকে একজন একজন করে বের করে লাঠি দিয়ে আঘাত করছেন। এমনটা করা মোটেও উচিত না। কেননা মসজিদে সবাই নামাজ পড়তে গিয়েছে। অন্য কাজে না। এটা বুঝা উচিত অবশ্যই। আর ভয় যদি পেতেই হয় তবে সৃষ্টিকর্তাকে পাওয়া উচিত। আর সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের মঙ্গল করবেন। সবাই অনেক ভালো ও সুস্থ থাকুন।’
