সাকিব শাওন »
নিষেধাজ্ঞার পর ক্রিকেটের বাইশ গজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। চলতি বছরের অক্টোবরে আন্তজার্তিক ক্রিকেটে আবার মাঠে ফেরার কথা রয়েছে বিশ্বসেরা এই অল রাউন্ডারের। তার আগেই অবশ্য চলতি মার্চেই ২৮ তারিখে বাইশ গজে দেখা যাবে সাকিবকে।
মূলত একটি চ্যারিটি ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব। আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্ন বনাম সিডনির মধ্যকার একটি ম্যাচে খেলবেন সাকিব। ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল।
পেশাদারি লড়াই না হবার কারণে সাকিবের এই ম্যাচ খেলতে কোনো বাঁধা নেই। অনেকদিন মাঠের বাইরে থাকায় সাকিবকে নিয়ে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের বাড়তি আগ্রহ। অনেকেই আগেভাগেই নিশ্চিত করে ফেলেছেন ম্যাচের টিকিট।
নিষেধাজ্ঞায় থাকাকালীন নিজেকে নিয়েই ব্যস্ত আছেন সাকিব। তবে মাঠের কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকলেও আছেন ক্রিকেটের সঙ্গেই। মাশরাফী বিন মোর্ত্তুজার অধিনায়কত্ব থেকে অবসর ঘোষণার পর এক ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব।
শেষ বেলায় মাশরাফীও বলেছেন, বিদায়ী লগ্নে সাকিবকে বেশ মিস করেছেন তিনি।
