দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেসেছে তামিমের ব্যাট৷ লম্বা সময় পর তুলে নিয়েছেন সেঞ্চুরি। নিজের ধীর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হওয়া তামিম এই ম্যাচে ব্যাট হাতে দিয়েছেন সকল সমালোচনার জবাব। খেলেছেন ১৫৮ রানের অবিস্মরণীয় একটি ইনিংস। আর এমন ইনিংস কেবল তামিমের নয়, ওয়ানডেতে যেকোনো বাংলাদেশির পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সংগ্রহ। পূর্বের রেকর্ডটাও ছিলো তামিমেরই। তবে তামিম মনে করেন এই রেকর্ডটি খুব দ্রুতই ভেঙে যাবে।
তামিম গণমাধ্যমের সাথে কথা বলার সময় জানান, এই রেকর্ডটি ভাঙতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়াও লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্তর মতো প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যানরা রেকর্ডটি ভেঙে দিতে পারেন এমনটাই মনে করছেন দেশ সেরা ব্যাটসম্যান।
এ ব্যাপারে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় না এই রেকর্ডটা খুব বেশিদিন থাকবে। আমি অনুমান করছি যে আগামী ২ বা ৩ বছরের মধ্যেই ভেঙে যাবে। আবার হয়তো এটা পরের বছরেই ভেঙে যেতে পারে। মুশফিক আমার এমন রেকর্ড ভাঙার জন্য যথেষ্ট সামর্থ্যবান। শুধু মুশফিক না। আমাদের দলে তরুণ যে খেলোয়াড়রা আছে যেমন ধরেন লিটন কিংবা শান্ত তাদেরও বেশ সামর্থ্য আছে।’
এই ইনিংসের আগের দশ ইনিংস মিলিয়ে তামিমের হাফ সেঞ্চুরি ছিলো কেবল একটা৷ দ্বিতীয় সর্বোচ্চ ছিলো ৪৮। মোট কথা লম্বা সময় ধরে অফফর্ম যাচ্ছে তামিমের। তবে এমন দুঃসময়েও তাঁর প্রতি বিশ্বাস না হারানোর জন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানানে ভুল করেননি তিনি।
তামিম জানান, ‘আমি খুব কৃতজ্ঞ আমার টিম ম্যানেজমেন্ট সহ দলের সবার উপর। ওরা আমাকে একটি মুহূর্তও অনুভব করতে দেয়নি যে আমার কাছে যেমন আশা করে আমি অমনটা দিতে পারছি না। তাই আমার এই ইনিংসের পুরো কৃতিত্ব ওদের কাছেই যায়।’
