সাজিদা জেসমিন »
চলছে বাংলাদেশের ঘরোয়া লিগের আসর। মাঝখানে রয়েছে আবার আন্তর্জাতিক সিরিজ ও। ঘরোয়া ক্রিকেটে অনেকে সফল হলেও আন্তর্জাতিকে সফলতা আসছেনা সহজে। এ-র মূল কারণ ঘরোয়া কন্ডিশন আর আন্তর্জাতিক কন্ডিশনে রয়েছে বিশাল তফাৎ।
উদাহরণস্বরূপ, তামিমের কথা বলা যায়। ঘরোয়া লিগে কিছুদিন আগেই হাঁকিয়েছেন ত্রিশতক। ভেঙেছেন সর্বোচ্চ রানের রেকর্ডটিও। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে থেমেছেন নামমাত্র রানে। যদিও বা ঘরোয়া লিগেও খেলেছেন লঙ্গার ভার্সনে। তবে বলতে হয় দুই কন্ডিশনে রয়েছে বিশাল তফাৎ।
আর এ নিয়ে মন্তব্য করলেন জাতীয় দলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। মিঠুন বলেন ঘরোয়া এবং আন্তর্জাতিকে যথেষ্ট তফাৎ রয়েছে। যে সক্ষমতা নিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো করা যায়, সেভাবে আন্তর্জাতিকে খেলা কঠিন মনে করেন তিনি।
মিঠুন বলেন- ‘ঘরোয়া লিগগুলোতে আমরা যে রকম বোলারের মুখোমুখি হই বা যে ধরনের বল খেলি, এখান থেকে আমরা আন্তর্জাতিক দলগুলোর বিপক্ষে খেলতে গেলে প্রচুর ব্যবধান হয়ে যায়। যে স্কিল নিয়ে আমরা ঘরোয়া লিগে পারফর্ম করি, সেই স্কিল নিয়ে আন্তর্জাতিকে পারফর্ম করতে পারি না।’
আন্তর্জাতিক ক্রিকেটে লড়াই করতে হলে নিজেদের স্কিল এবং মানসিক শক্তি আরও বৃদ্ধি করতে হবে বলে মনে করেন তিনি। সেই লক্ষ্য নিয়ে দলের সবাই পরিশ্রম করছেন বলে জানিয়েছেন মিঠুন।
মিঠুন বলেন – ‘এখান থেকে ফিরতে হলে, আমাদের স্কিল লেভেল বা মানসিক লেভেল অনেক বৃদ্ধি করতে হবে। এটি এখন থেকেই শুরু করতে হবে। আমরা যতবেশি দেরি করব, আমরা দল হিসেবে, ব্যক্তি হিসেবে পিছিয়ে পড়ব। সবাই চেষ্টা করছে, সবাই পরিশ্রম করছে। ইনশাআল্লাহ্ সব ঠিক হয়ে যাবে।’
