শোয়েব আক্তার »
কিছুদিন আগেই শেষ হয়েছে যুব বিশ্বকাপের ১৩তম আসর। প্রথমবার বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেই চার বারের বিশ্বকাপ জয়ী ভারত অনুর্ধ্ব-১৯ দলকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। শুধু ফাইনাল নয়, পুরো টুর্ণামেন্ট জুড়েই টাইগার যুবাদের পারফম্যান্স ছিল দূর্দান্ত। তাইতো বিশ্বের খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষকদের নজর কড়েছেন অপরাজিত চ্যাম্পিয়ন যুবাদের পারফম্যান্স।
অনুর্ধ্ব-১৯ দলকেই ধরা হয় জাতীয় দলে প্রবেশ করার রাস্তা। এখানে ভালো খেলা প্রদর্শন করতে পারলেই অনেক ক্রিকেটারের জন্য খুলে যায় জাতীয় দলের দরজা। তাইতো, যুব বিশ্বকাপে দূর্দান্ত পারফম্যান্সের পর আলোচনার কেন্দ্র বিন্দুতে কোন কোন ক্রিকেটার সবার আগে জাতীয় দলে আসতে যাচ্ছেন।
এবার এই আলোচনায় যোগ দিয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক উইন্ডিজ তারকা ক্রিকেটার ইয়ান বিশক। পচেফেস্ট্রুমে রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশ যখন জয় নিশ্চিত করে তখন ইয়ান বিশপ-ই ধারাভাষ্যে ছিলেন। প্রসংশায় ভাসিয়েছেন আকবর আলিদের। পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশি ক্রিকেটারদের প্রসংশা করায় ভারতীয়দের রোষানলেও পড়তে হয়েছে তাঁকে।
বিশ্বকাপ জয়ের পর তামিম-শরিফুলদের উল্লাসের একটি ভিডিও গেল সোমবার টুইটারে পোস্ট করেন তিনি। ভিডিও’র ক্যাপশনে তিনি লেখেন, “এই তরুণদের দেখে খুব ভালো লাগছে। আশা করি, এদের মধ্যে অনেকই ভবিষ্যৎ তারকা হবে।”
ইয়ান বিশপের ওই টুইটে বুধবার এক বাংলাদেশি ক্রিকেটপ্রেমি একটি প্রশ্ন করেন যেখানে তিনি জানতে চান, “কোন তিন ক্রিকেটার সবার আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বলে আপনি মনে করেন?” খ্যাতনামা এ ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক টুইটে জবাব দেন, “সবার আগে শরিফুল, হৃদয় ও আকবর আলীকে নিয়ে আমি আশাবাদী।”
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দূর্দান্ত বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। ফাইনালে ৩১ রানে নিয়েছেন ২ উইকেট। দুদিকেই সুইং ও সঙ্গে বাউন্স তার বোলিং এর বিশেষত্ব। এছাড়া তৌহিদ হৃদয় ও পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে ছিলেন উজ্জল। আর অধিনায়ক আকবর আলীর ৭৭ বলে ৪৩ রানের ইনিংসটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অংশ হয়ে থাকবে। ভীষণ চাপের মধ্যে ঠান্ডা মাথায় ম্যাচ জেতানো ওই ইনিংসটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশি তার অধিনায়কত্ব ও ছিল অসাধারণ।
