দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশের পেস বোলার আবু জায়েদ রাহি আইসিসির লেভেল ১ এর কোড অফ কন্ডাক্ট ভেঙে আইসিসির আনুষ্ঠানিক ভর্ৎসনা পেয়েছেন। রাওয়ালপিন্ডি টেস্টে টেস্টের দ্বিতীয় দিনে ঘটা এক ঘটনার জন্য শাস্তি পেতে হয়েছে তাকে।
জানা যায়, আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভেঙেছেন বাংলাদেশী পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। এখানে বলা আছে আন্তর্জাতিক কোন ম্যাচ চলাকালীন সময়ে কাউকে আউট করার পর তার প্রতি কোন ভাষার প্রয়োগ করা যাবে না, কোনরকম অ্যাকশন করা যাবে না যা তাকে আগ্রাসী কিছু করতে বাধ্য করতে পারে।
আইসিসি আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করার পাশাপাশি রাহিকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়ে দিয়েছে। ২৪ মাস সময়ের মধ্যে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রাহি। ২৪ মাস সময়ের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পেলে সেটা সাসপেনশনে পরিণত হয়। দুই সাসপেনশন পয়েন্টের জন্য কোন ক্রিকেটার ১ টেস্ট বা ২ ওয়ানডে বা ২ টি-টোয়েন্টির জন্য নিষিদ্ধ হতে পারে।
মূল ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২৩ তম ওভারে। পাকিস্তানের অধিনায়ক আজহার আলিকে আউট করার পরে তার খুব কাছে যেয়ে উদযাপন করেন রাহি। এর ফলে এমন উদযাপন আজহার আলিকে আগ্রাসী কোন রিপ্লাই দিতে প্রলুব্ধ করতে পারতো।

আর এজন্যই আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আবু জায়েদ রাহির ওপর শাস্তি আরোপ করেন। এদিকে আবু জায়েদ চৌধুরী রাহি সেটা মেনে নেওয়ায় কোন শুনানির দরকার পড়েনি।
