দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে আগে থেকেই ঠিক করা হয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। কিন্তু এই শনিবার জানা গেল, পরিবর্তিত হয়েছে জিম্বাবুয়ে-বাংলাদেশের ওয়ানডে সিরিজের ভেন্যু। নতুন ভেন্যু হিসেবে যোগ করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক সমকালকে বলেন, ‘ভেন্যু পরিবর্তনের পেছনে এখানে বিশেষ কোনো কারণ নেই। চট্টগ্রামে তো নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। বিপিএলের ম্যাচও বেশিই থাকে এখানে৷ সে তুলনায় সিলেটে কম খেলা হয়ে থাকে। দেশের অন্যতম সুন্দর এই ভেন্যুতে খেলা বাড়াতে চাচ্ছি আমরা। এজন্যই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চট্টগ্রাম থেকে সরিয়ে সিলেটে নেওয়া হয়েছে। সামনে অস্ট্রেলিয়া আসবে তখন আবার চট্টগ্রামে খেলা থাকবে।’
এই সফরে একটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দল। এরপরই ১৮-১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করবে তারা।
২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি খেলার পর পরই সিলেটে যাবে জিম্বাবুয়ে দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি দিবা রাত্রির ওয়ানডে খেলবে সফরকারী জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশ।
