শোয়েব আক্তার »
একজন ক্রিকেটারের সবথেকে বড় স্বপ্ন হচ্ছে টেস্ট ক্যাপটি মাথায় তুলে নেওয়া। সাদা পোশাকে দেশকে রঙ্গিন সব মূহুর্ত উপহার দেওয়ার। কিন্তু এমন অনেক ক্রিকেটার আছেন যাঁরা অভিষেক ম্যাচেই দেখেছেন ক্রিকেটের ধূসর রুপ। বিশেষ করে বাংলাদেশের ২২ জন ক্রিকেটার এখন পর্যন্ত নিজেদের অভিষেক টেস্ট ম্যাচে খালি হাতে সাজঘরে ফেরত গেছেন।
দেশের ৯৬ তম টেস্ট ক্রিকেটার সাইফ হাসান এই পরিবারের নতুন সদস্য। রাওয়ালপিন্ডি টেস্টে নিজের অভিষেক ইনিংসেই মাত্র দুই বল খেলে সাজঘরে ফেরেন কোন রান না করেই। এর আগে আরও ২১ জন ক্রিকেটার আছেন যাঁরা অভিষেক ম্যাচেই ‘ডাক’ মেরেছেন।
শুরটা হয়েছে বাংলাদেশের অভিষেক টেস্টে-ই। ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ১১ ব্যাটসম্যানের সবাই দলীয় স্কোরে কিছুটা অবদান রাখতে পারলেও দ্বিতীয় ইনিংসেই অভিষেক ম্যাচে শূন্য রানের তিক্ত অভিজ্ঞতা হয় হাসিবুল হোসেন ও বিকাশ রঞ্জন দাশ এর।
এরপর আরও ১৯ ব্যাটসম্যান অভিষেকে শূন্য রানে আউট হয়েছেন। তবে, এঁদের মধ্যে বেশিরভাগ-ই বোলার হিসেবে দলে ছিলেন। ব্যাটসম্যান পরিচয়ে দলে থেকে ডাক পাওয়া ক্রিকেটার’রা হলেন জহুরুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুন।
অভিষেক টেস্টে শূন্য পাওয়ার রেকর্ড ২২ জনের হলেও দৃশ্যটি ঘটেছে মোট ২৪ বার। অভিষেক ম্যাচের দুই ইনিংসেই শূন্য দেখার স্বাদ নিয়েছে দুই প্রজন্মের দুই পেসার আলমগীর কবির ও কামরুল ইসলাম রাব্বি।
