শোয়েব আক্তার »
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান ছিল বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের। তাঁর বোলিং ঘূর্নিতেই ২৬১ রানের টার্গেট পাহাড়সহ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা যুব দলের সামনে।
৯.৩ ওভার বল করে মাত্র ১৯ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন একাই গুড়িয়ে দিয়েছেন তিনি। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এমন দূর্দান্ত বোলিং এর মধ্য দিয়ে বেশ কিছু রেকর্ডে সামিল হয়েছেন এই উদীয়মান বোলার।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে রকিবুল হাসানের বোলিং ফিগারটি ৩২তম সেরা বোলিং ফিগার। এর আগে বিশ্বকাপে নির্দিষ্ট কোনো ম্যাচে একজন বোলার ৮ উইকেট, চারজন বোলার ৭ উইকেট ও ২০ জন বোলার নিয়েছেন ৬ টি করে উইকেট। আর সব মিলিয়ে যুব বিশ্বকাপে রকিবুলের নেওয়া পাঁচ উইকেটের কৃর্তিটি ৮৪তম।
বাংলাদেশের পক্ষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়ার কৃর্তি এটিই প্রথম নয়। এর আগে আরও পাঁচজন বোলার যুব বিশ্বকাপে পাঁচ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। ২০০০ সালে যুব বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১০ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন হান্নান সরকার। ওই ম্যাচে হান্নান সরকার চারটি মেডেন ওভার ও নিয়েছিলেন! টাইগার যুবাদের পক্ষে বিশ্বকাপে এটিই সেরা বোলিং ফিগার। রকিবুলের বোলিং ফিগারটি বাংলাদেশ যুবাদলের পক্ষে বিশ্বকাপে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।
বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়া অন্য চার বোলার হলেন তানভিরুল ইসলাম (১৯৯৮), নাজমুল হোসেন (২০০৪), এনামুল হোসেন জুনিয়র (২০০৪) ও আফিফ হোসেন ধ্রুব (২০১৮)।
এছাড়া সব মিলিয়ে যুব ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বমোট ১৮ জন বোলার মোট ২০ বার ম্যাচে পাঁচ বা এর বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। এরমধ্যে দুইবার করে পাঁচ উইকেট নিয়েছেন শুধুমাত্র আবুল হাসান রাজু ও সঞ্জিত সাহা। বাকি ১৬ জন বোলার নিয়েছেন একবার করে পাঁচ উইকেট। এ তালিকার সর্বশেষ যুক্ত হলেন রাকিবুল।
বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়া ছয় বোলার এবং আবুল হাসান, সঞ্জিত সাহা ছাড়া যুব ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে পাঁচ উইকেট নেয়া বোলাররা হলেন নিহাদুজ্জামান, মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রয়, সালেহ আহমেদ শাওন, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন জুনিয়র, সোহরাওয়ার্দি শুভ, নাইম হাসান, শরীফুল ইসলাম ও রাহাতুল ফেরদৌস।
অনুর্ধ্ব-১৯ ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার সঞ্জিত সাহার। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে চট্টগ্রামে ১৯ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের পক্ষে যুব ওয়ানডেতে ৬ বা তার বেশি উইকেট নেওয়ার একমাত্র ঘটনা এটিই।
অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের কোনো নির্দিষ্ট আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে রয়েছে বাংলাদেশের নাম। ২০০৪ সালের অনুর্ধ্ব বিশ্বকাপে ৮ ম্যাচে ২২টি উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। নির্দিষ্ট কোনো আসরে এটিই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। এবার রকিবুলদের সামনে নিশ্চয়-ই এই রেকর্ড নতুন করে লেখানোর সুযোগ থাকছে।
