ইমতিয়াজ চৌধুরী »
আগামীকাল ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। ফ্রাঞ্জাইজি ভিত্তিক লংগার ভার্সনের এই টুর্নামেন্টে কাল মাঠে গড়াবে দুইটি ম্যাচ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সাউথজোনের মোকাবেলা করবে বিসিবি নর্থজোন। অপরদিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইসলামি ব্যাংকের প্রতিপক্ষ ওয়ালটন সেন্ট্রালজোন।
এর আগে গত সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। এই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নিয়েছে অংশ নেয়া চারটি দল। প্রথম রাউন্ড শেষে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ফাইনাল রাউন্ড শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি সিলেটে।
চারটি দলই যথেষ্ট ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে। ক্রিকেটারদের মধ্যে যারা বিপ টেস্ট টপকে যেতে পারেননি, তারা এই রাউন্ডে খেলতে পারছেন না। তবে প্রথম রাউন্ড শেষে আবারও বিপ টেস্ট দিয়ে খেলার সুযোগ পাবেন তারা। দল না পাওয়াদের মধ্যে আছেন আবু হায়দার রনি, সাব্বির রহমানদের মতো ক্রিকেটাররাও।
বিসিএলের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের খেলাটা তাই অনেকটাই নিশ্চিত। তবে বিসিএলে খেলার সম্ভাবনা নেই আরেক তারকা মুশফিকুর রহিমের।
