মারুফ ইসলাম ইফতি »
ক্রীড়া জগৎ থেকে হারিয়ে গেল অকালে আরো একটি প্রান, না ফেরার দেশে পাড়ি জমালেন আরো এক কিংবদন্তি ক্রীড়াবিদ।বলছি সদ্য প্রয়াত আমেরিকান লিজেন্ড বাস্কেটবল তারকা “কোবি ব্রায়ান্টের” কথা।গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিজের মেয়েকে সাথে নিয়ে পৃথিবীকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি এই বাস্কেটবল খেলোয়াড়।দুর্ঘটনায় হেলিকপ্টারে বাবার সাথে থাকা ব্রায়ান্টের মেয়েও হারিয়েছে প্রান।
কিংবদন্তি এই বাস্কেটবল তারকার মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।লিজেন্ড বাস্কেটবল তারকার এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না ভক্তকূল ও বিভিন্ন ক্রীড়াবিদরা।ব্রায়ান্টের মৃত্যু খুব বাজেভাবে ব্যথিত করেছে ক্রিকেটাঙ্গনের তারকাদেরও।সাকিব আল হাসান, বিরাট কোহলী,যুবরাজ সিং,শেন ওয়ার্ন, শোয়েব আক্তারের মতো সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো থেকে নিজেদের শোক বার্তা প্রকাশ করে ব্রায়ান্টের অকাল মৃত্যুতে নিজেদের অনুভুতি জানিয়েছেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজ হতে লিখেছেন:
যতই প্রতিভা থাকুক না কেনো, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা। কোবি ব্রায়ান্ট এর মতো কিংবদন্তিরা তাই কখনোই হারিয়ে যান না। তাঁরা নিজেদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তাঁর অকাল মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত। সেই সাথে তাঁর পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা।
ভারতের অধিনায়ক বিরাট কোহলী ইনিস্টাগ্রামে লিখেছেন: ব্রায়ান্টের এই সংবাদটা শোনার পর নিজেকে পুরোপুরি বিধ্বস্ত মনে হচ্ছে। হাঁটতে শেখার পর থেকেই তাকে নিয়ে অনেক স্মৃতি জমা আছে আমার। মুগ্ধ হয়ে দেখতাম বাস্কেটবল কোর্টে এই জাদুকর কিভাবে প্রতিপক্ষকে নিয়ে খেলতেন। জীবনটা সত্যিই খুব অনিশ্চিত এবং পরিবর্তনশীল। এই দুর্ঘটনায় তার মেয়েও নিহত হয়েছে, যা খুবই দুঃখজনক। সত্যিকারার্থেই হৃদয়টা ভেঙে গেছে আমার। তাদের আত্মা শান্তি পাক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা আমাদের।
সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন শোক প্রকাশ করে বলেছেন:
সবার মতো, আমিও কোবি ব্রায়ান্ট এবং তার ১৩ বছর বয়সী মেয়ের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবর শুনে স্তব্ধ, শোকার্ত এবং হতবাক হয়ে পড়েছি। তার পরিবার এবং স্বজনদের এই বেদনার্ত মুহূর্তে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই বলার নেই।
সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ব্যথিত হয়ে লিখেছেন: কোবি ব্রায়ান্ট মৃত্যুবরণ করেছে, এটা শোনার পরই বিশাল এক ধাক্কা খেয়েছি। স্তব্দ হয়ে পড়েছি। তার মতো একজন গ্রেট বাস্কেটবল খেলোয়াড় মৃত্যুবরণ করলো! এটা আমাদের অনুভূতিতে আসা প্রয়োজন যে, জীবন কতটা অনিশ্চিত। আরআইপি লিজেন্ড।
এছাড়া সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আক্তার শোক প্রকাশ করে লিখেছেন: আমরা একজন কিংবদন্তিকে হারালাম।
উল্লেখ্য, ক্রিকেট তারকাদের বক্তব্য গুলো একটি সংবাদ মাধ্যম হতে সংগ্রহীত।
