শোয়েব আক্তার »
বহুল আলোচিত পাকিস্তান সফরের প্রথম ধাপে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুঁইয়ে বসেছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কাল শেষ ম্যাচে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদ’রা।
ম্যাচের ফলাফলের থেকেও লক্ষণীয় বিষয় হলো মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের শরীরি ভাষা। পাকিস্তানের বোলারদের সামনে যেমন বাংলাদেশের ব্যাটসম্যান’রা সুবিধা করতে পারছেন না, অন্যদিকে বাংলাদেশি বোলার’রা ও পাকিস্তানী ব্যাটসম্যানদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না।
এর মধ্যে শেষ ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ইঞ্জুরিতে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য সৌম্য সরকার। যদিও প্রথম দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেন নি। প্রথম ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৫ বলে ৭ ও দ্বিতীয় ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৫ বলে ৫* রান করেন।
দ্বিতীয় ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে প্রথম রান নিতে গিয়ে পেশিতে টান লাগে তার। শেষ পর্যন্ত আর ফিল্ডিং করতে ও নামেন নি। লাহোর থেকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও সৌম্যের খেলার সম্ভবনা ক্ষীণ বলে জানিয়েছেন। এক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে বিপিএলে একমাত্র দেশি সেঞ্চুরিয়ান, নাজমুল হোসেন শান্ত কে।
অন্যদিকে, বল হাতে সমানে রান বিলিয়ে দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। অন্য বোলার’রা যেখানে ব্যাটসম্যানদের কাছ থেকে ডট বল আদায় করে চাপ সৃষ্টি করেন সেখানে মুস্তাফিজ প্রচুর রান দিয়ে ব্যাটসমৗানদের চাপ কমিয়ে দেন। ফলে, উইকেট তুলে নিতে পারছে না বাংলাদেশের বোলার’রা। তাই, গুঞ্জন শুণা যাচ্ছে মুস্তাফিজের পরিবর্তে কাল টাইগার একাদশে অভিষেক ঘটতে পারে বিপিএলে দারুণ বোলিং করা পেসার হাসান মাহমুদ এর!
তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল তিন টায় তৃতীয় ও শেষ টি-২০ খেলতে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী।
