মমিনুল ইসলাম »
নানা জল্পনা-কল্পনা পেরিয়ে গতকাল থেকে শুরু হয় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুরুর ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরে যায় সফরকারী বাংলাদেশ । আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারেন এক পরিবর্তন । যদিও মাহমুদউল্লাহ রিয়াদ গতকাল সংবাদ সম্মেলনে পরিবর্তন নিয়ে কোন ইঙ্গিত দেননি।
সিরিজের ১ম টি-টোয়েন্টি স্বাগতিক পাকিস্তানের কাছে পাঁচ উইকেটের হার দেখতে হয় মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। তবে দ্বিতীয় ম্যাচে দলে কোন পরিবর্তন আনবেন কি না এমন প্রশ্নে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমাদের আলোচনায় বসতে হবে। আগামীকাল জানাতে পারবো কোন পরিবর্তন আসবে কি না।’
সিরিজের ১ম টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ৭১ রানের জুটি গড়েও সমালোচিত হয়েছেন তারা দুজন। ৩৪ বলে ৩৯ রান করেন তামিম আর ৪১ বলে ৪৩ রান করেন নাইম শেখ। পাওয়ার প্লেতে দুজনের ব্যাট থেকে আসে মাত্র ৩৫ রান। এছাড়া গতকাল বাংলাদেশ ৪৪ টি ডট বল খেল যার মাঝে ৩১ টিই খেলে দুই ওপেনার।
তাই তো আজ ওপেনিংয়ে আসতে পারে রথবদল। ডান বাম কম্বিনেশনের জন্য আজ তামিমের সাথে ওপেন করতে পারেন বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। আর লিটন দাস ওপেন করলে নাইম শেখকে খেলতে হবে তিন নম্বরে। এছাড়া শেষ দিকে মিথুনের ধীরগতির ব্যাটিং প্রয়োজন মনে না করায় তাঁর পরিবর্তে আজ দলে আসতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। ব্যাটের পাশাপাশি তাঁর স্পিনটাও বেশ কার্যকরী হবে দলের জন্য।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাইম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
