দুর্জয় দাশ গুপ্ত »
প্রতি বছরের শুরুর সময়টাতে অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিলেট ক্রিকেট লীগ। সিলেট বিভাগের চারটি জেলার ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। আর এই টুর্নামেন্টের মাধ্যমেই আগামীর দক্ষ এবং প্রতিশ্রুতিশীল ক্রিকেটার বেরিয়ে আসে।
কিন্তু এ বছর সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট লীগ হবে না বলে ঘোষণা আসে৷ মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই স্টেডিয়ামটি শেখ রাসেলকে বরাদ্দ দিয়েছে। এজন্য এবার ক্রিকেটের মৌসুমেও সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠিত হবে। ক্রিকেটের মৌসুমে এই স্টেডিয়ামে ফুটবল খেলা না দেয়ার জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে লিখিত আবেদনও করা হয়েছে। কিন্তু তবুও এতে কোন কাজ হয়নি।
দিন কয়েক আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম জানিয়েছিলেন সিলেট জেলা স্টেডিয়াম ছাড়া আর কোন ভেন্যু না থাকায় সিলেট ক্রিকেট লীগ এ বছর হচ্ছে না।
তবে এবার আশার আলো দেখছে সিলেট ক্রিকেট লীগ। সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈঠকে বসে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম জানিয়েছেন সিলেট ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে। তিনি সর্বাত্মক চেষ্টা করবেন যেন সিলেট জেলা স্টেডিয়ামেই সিলেট ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়। আর যদি জেলা স্টেডিয়াম ভেন্যু হিসেবে না পাওয়া যায় তবে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা সিলেট ক্যাডেট কলেজ মাঠে সিলেট ক্রিকেট লীগ অনুষ্ঠিত হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র ক্রিকেটার অলক কাপালী। বৈঠক শেষে তিনি নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, “সিলেট ক্রিকেট লীগ এ বছর অনুষ্ঠিত হবে। মাহি উদ্দিন আহমদ সেলিম ভাই বলেছেন সিলেট ক্রিকেট লীগে আয়োজনে যা যা করতে হয় সবই করা হবে। যদি জেলা স্টেডিয়াম ভেন্যু হিসেবে না পাওয়া যায় তবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম কিংবা সিলেট ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।”
