মুশফিকের সিদ্ধান্তকে উচিত সম্মান জানানোঃ ডমিঙ্গো

দুর্জয় দাশ গুপ্ত »

পাকিস্তান সফরে যাচ্ছেন না মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

প্রোটিয়া এই কোচ জানান, মুশফিকুর রহীম তাঁর পরিবারের সঙ্গে অনেক ঘনিষ্ঠ একজন মানুষ। আবার মুশফিক বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড়। এজন্যই ডমিঙ্গো পাকিস্তান সফরে মুশফিকুর শূন্যতা অনুভব করবেন। এদিকে মি. ডিপেন্ডেবলের না থাকাকে অন্য কারো জন্য ভালো একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।

ডমিঙ্গো বলেন, ‘আমি মুশির সাথে কথা বলেছি। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত সেখানে না যাওয়ার । আমাদেরকে অবশ্যই তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সে আমার মতোই তার পরিবারের ঘনিষ্ঠ একজন মানুষ। অবশ্যই তাকে আমরা পাকিস্তানে অনেক মিস করব। মুশফিক আমাদের সেরা খেলোয়াড়দের একজন। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজেও সে অনেক ভালো করেছে। তবে এখন মুশি না হওয়ায় অন্য কারও জন্য এটা একটা ভালো সুযোগ। এখন কারও জন্য খেলা তো আর থেমে থাকে না। একদিন মুশফিক থাকবে না, তার জায়গা তো অন্য কাউকেই সুযোগ নিতে হবে।’

জাতীয় দলে নিয়মিত চার নম্বরে ব্যাট করতে নামতে দেখা যায় মুশফিককে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান না থাকার ফলে এই সিরিজে ব্যাটিং অর্ডারে বেশ অদল-বদল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডমিঙ্গো।

পাকিস্তান সিরিজের জন্য ঘোষণা করা বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ওপেনারের ছড়াছড়ি। তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ ছাড়াও আছেন ইনফর্ম নাজমুল হোসেন শান্ত। বিপিএলে মিডল অর্ডারে খেললেও সৌম্য সরকারও মূলত নিয়মিত এক ওপেনার। এদের মধ্যে কাউকে তিন বা চার নম্বরে খেলতে দেখা যেতে পারে।

ব্যাটিং অর্ডার নিয়ে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘সৌম্য তিন নম্বরে ব্যাট করেছে ভারতের বিপক্ষে। সে হয়তো এই সিরিজে ছয় নম্বরে ব্যাট করতে পারে। আর রিয়াদ ব্যাট করতে পারে পাঁচ নম্বরে। তরুণ আফিফ তিন বা চারে উঠে আসতে পারে। আর শান্তও ব্যাটিং অর্ডারে অন্যদিকে যেতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »