দুর্জয় দাশ গুপ্ত »
জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে ২০১৮ সালের নভেম্বরে। প্রতিপক্ষ ছিলো বাংলাদেশ। এরপর গত বছরের জুলাইয়ে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাসের জন্য জিম্বাবুয়েকে নিষিদ্ধ করে আইসিসি।
দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার (১৯ জানুয়ারি) আবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে এই ফরম্যাটে ফিরছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচটি। ৩৩ বছর বয়সী অলরাউন্ডার শন উইলিয়ামসের নেতৃত্বে অনেকদিন সাদা পোষাকে মাঠে নামবে স্বাগতিকরা।
এদিকে দীর্ঘ দিন পর টেস্টে ফিরতে পেরে উচ্ছ্বসিত জিম্বাবুয়ে। উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাভা টেস্ট ক্রিকেটকে উপভোগের একটি মাধ্যম হিসেবে দেখছেন। যদিও নিয়মিত না টেস্ট ম্যাচ খেলার একটি আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে।
চাকাভা জানান, ‘এটি সর্বদা কঠিন ব্যাপার। তবে টেস্টে দীর্ঘদিন পর ফেরাটা দারুণ কিছু। কারণ আপনি সবসময় চাইবেন নিয়মিতভাবে এই ফরম্যাটে খেলতে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই সুবিধা খুব কম পেয়েছি। তাই আমরা যা পেয়েছি সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। যখনই পরবর্তীতে আরেকটা সুযোগ আসবে তখন আপনাকে উপভোগ করতে হবে।’
জিম্বাবুয়ের জন্য উপভোগের সিরিজ। কিন্তু প্রতিপক্ষ শ্রীলঙ্কা অবশ্য নিজেদের ছন্দ ফিরে পেতে মাঠে নামবে। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ দুটি টেস্ট সিরিজ কাটানোর পর পাকিস্তানের মাটিতে সম্প্রতি ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে লঙ্কানরা। এজন্য জয়ের লক্ষ্য নিয়েই খেলবে দিমুথ করুনারত্নের দল।
