বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়েলস।

মারুফ ইসলাম ইফতি »

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খুঁজে পেলো তাদের নতুন চ্যাম্পিয়নকে।ঢাকা,কুমিল্লা ও রংপুরের পর চতুর্থ দল হিসেবে প্রথমবারের মতো শিরোপা উৎসবে নাম লিখিয়েছে রাজশাহী রয়েলস।বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে খুলনাকে ২১ রানের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পায় রাজশাহী রয়েলস।

আজ বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়েলসের মধ্যকার ফাইনালের মধ্যে দিয়ে বিপিএলের এবারের আসরের পর্দা নামলো।

বিপিএলের ফাইনালে আজ মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টসে জিতে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিংয়ে পাঠায় প্রতিপক্ষ রাজশাহী রয়েলসকে।টসে হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় ইনফ্রম আফিফ হোসেন ধ্রুবর উইকেট হারায় রাজশাহী।আফিফের বিদায়ের পর ইরফান শুক্কুরের সাথে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আরেক ওপেনার লিটন কুমার দাস।দলীয় ৬৩ ও নিজের ব্যক্তিগত ২৫ রানের মাথায় লিটন বিদায় নিলে জুটি ভাঙ্গে দুজনের।ফর্মে থাকা শোয়েব মালিকও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আজ, ব্যক্তিগত ৯ রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।সতির্থদের আসা যাওয়ার মিছিলে দারুণ ভাবে আরো একবার নিজের সামর্থ্যের প্রমান দিয়ে ইরফান শুক্কুর তুলে নেন দারুণ এক অর্ধশতক।মাত্র ৩৫ বলে ৬টি বাউন্ডারি ও ২টি বাউন্ডারির সাহায্যে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি।শেষ দিকে অধিনায়ক আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নেওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রানের লড়াকু পূজি দাঁড় করায় রাজশাহী রয়েলস।২০ বল মোকাবেলায় নেওয়াজের ব্যাট থেকে আসে অপরাজিত ৪১ রান, এছাড়া আগের ম্যাচের হিরো আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস।

শিরোপা জয়ের জন্য ১৭১ এর টার্গেটে ব্যাট করতে নামা খুলনা টাইগার্সের শুরুটাও হয়েছে খুব বাজেভাবে।
দলের রানের খাতায় কোন রান যোগ না হতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল ইসলাম শান্ত, এরপর দলীয় ১১ রানের মাথায় আরেক ওপেনার মেহেদি হাসান মিরাজের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার্সরা।দলের ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন রাইলি রুশো এবং শামসুর রহমান শুভ।দুজনের ৭৪ রানের জুটি আবারো ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে খুলনাকে।দলীয় ৮৫ ও নিজের ব্যক্তিগত ৩৭ রানের মাথায় রুশো ফিরে গেলে আবারো চাপে পড়ে খুলনা, রুশোর বিদায়ের কিছুক্ষনের মধ্যে শামসুর রহমান শুভ এবং নাজিবুল্লাহ জাদরানের উইকেট হারিয়ে আবারো ব্যাকফুটে চলে যায় খুলনা।দলীয় ১০১ রানে শামসুর রহমান ফিরে যাওয়ার ৪ রানের ব্যবধানে ফিরে যান জাদরানও।প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে দলের রানের খাতায় ৫২ রান ইনিংস রেখে যান শুভ।এরপর দলের অন্যতম দুই ভরসার প্রতিক মুশফিকুর রহিম ও রবি ফ্রাইলিংকের উপর ভরসা রেখে তখনো শিরোপা স্বপ্ন দেখছিল খুলনার ভক্তরা।কিন্তু দলের ১৩৪ রানের মাথায় মুশফিক ও ১৪১ রানের মাথায় রবি ফ্রাইলিংক ফিরে গেলে তখনই শিরোপা স্বপ্নের অপমৃত্যু হয় খুলনা শিবিরের।মুশফিকের ব্যাট থেকে আসে ২১ আর ফ্রাইলিংক করেন ১২ রান।শেষদিকে আর কোন ব্যাটসমান দাঁড়াতে না পারায় ১– রানে থামে খুলনার ইনিংস। যার ফলে বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা স্বাদ পায় রাজশাহী রয়েলস।রাজশাহীর হয়ে রাসেল,রাব্বি ও ইরফান ৩ টি করে উইকেট লাভ করেন।

স্কোরকার্ডঃ
রাজশাহী রয়েলস: ১৭০-৪ (২০)
শুক্কুর ৫২ নেওয়াজ ৪১*
মোহাম্মদ আমির ৪-০-৩৫-২

খুলনা টাইগার্স: ১৪৯-৮ (২০)
শামসুর ৫২ রুশো ৩৭
মোহাম্মদ ইরফান ৪-১-১৮-২

ফলাফল: রাজশাহী রয়েলস ২১ রানে জয়ী (চ্যাম্পিয়ন)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »