বড় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন রাসেল

দুর্জয় দাশ গুপ্ত »

দলের বিপর্যয়ে চাপ সামলে বিস্ফোরক ইনিংস খেলতে সবসময়ই পছন্দ ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম নয়, আগে অনেকবার এমন নজীর আছে রাসেলের। গতকাল আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই ক্যারিবিয়ান তারকা।

গতকাল কোয়ালিফায়ার ২ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে একাই রাজশাহীকে জয় এনে দিয়েছেন অধিনায়ক আন্দ্রে রাসেল। সতীর্থদের যাওয়া-আসার মিছিলেও নিজে অটল ছিলেন আক্রমণাত্মক ভঙিতে ব্যাট চালাতে। অনেকটা অসম্ভব হয়ে যাওয়া ম্যাচটাই একা বের করে নিয়ে এসে রাজশাহীকে নিয়ে গেলেন ফাইনালে।

ক্রিস গেইল ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রাম ১৬৪ রানের ভালো পুঁজি পায়। তাদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নামার পর ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে রাজশাহী রয়্যালস। কিন্তু এর মাঝেই এক প্রান্ত আগলে রেখে মাত্র ২২ বলে ৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন রাসেল। ৭ ছক্কা এবং ২ চারের সাহায্যে খেলা এমন এক ঝড়ো ইনিংসের কল্যাণেই হারতে থাকা রাজশাহী শেষ পর্যন্ত ২ উইকেটে ম্যাচটি জিতে ফাইনালে পা রাখে।

পাহাড় সমান চাপের মধ্যেও ম্যাচ জেতানো ইনিংস খেলার পর বেশ উচ্ছ্বসিত রাসেল। মূলত চাপ সামলে ম্যাচে বড় চ্যালেঞ্জ নিতে সর্বদাই পছন্দ করেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ান এই তারকা।

আন্দ্রে রাসেল বলেন, ‘আমি এর আগেও বলেছি যে আমি এই ধরণের কন্ডিশনে খেলতে খুব পছন্দ করি। আর যখন এক ওভারে ১২, ১৩ কিংবা ১৪ রান দরকার হয় তখন ব্যাট করে ভালো লাগে। এর চেয়েও বেশি পছন্দ করি যখন ১৫ কিংবা ১৬ রান দরকার হয় প্রতি ওভারে। আসলে আমি এমন বড় চ্যালেঞ্জ নিতে বেশ ভালোবাসি।’

ম্যাচে শেষ মুহূর্তে পর্যন্ত টিকে থাকতে পারলে জয় ছিনিয়ে আনতে পারবেন এই বিশ্বাস ছিল আন্দ্রে রাসেলের। মূলত এ কারণেই হারতে থাকা ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। রাসেল জানান, ‘আমি জানতাম আমি যদি শেষ পর্যন্ত ব্যাট করতে পারি তবে অবশ্যই আমরা জিততে পারবো। আসল কথা হলো আমি কখনো পরিকল্পনা করি না। আর সবসময় নিজের চিন্তাধারা উন্মুক্ত রাখি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »