কে এম আবু হুরায়রা »
টি২০ ফরম্যাটটা বরাবরই শান্তর জন্য একটি চ্যালেঞ্জের নাম৷ ক্রিকেটের অন্য দুই সংস্করণে যতটা উজ্জ্বল তার ব্যাট, ততটাই নিস্প্রভ ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে। গতকালকের ম্যাচ বাদ দিলে জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে শান্ত ৫২টি টি২০ ম্যাচ খেলে করেছেন মাত্র ১টি হাফসেঞ্চুরি। অথচ গত ম্যাচে খেললেন ম্যাচজয়ী ইনিংস। দলকে নিয়ে এসেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে। তবুও এই ফরম্যাটে নিজের হতাশার কথা অকপটে স্বীকার করেন শান্ত।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ” অনেক হতাশ ছিলাম। অস্বীকার করার কিছু নেই, এই ফরম্যাটে আমি হতাশ হয়ে যাই। গত দু’মাসের কথা চিন্তা করলে একজনের কথা না বললেই নয়, তিনি খালেদ মাহমুদ সুজন স্যার। “
বিপিএল এর ৮ ইনিংসে রান মাত্র ১১৫, আর গতকালকে ১ ম্যাচেই ১১৫ অপরাজিত ইনিংস!
গতকাল সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন এর পিছনের গল্প। মনে করলেন বিসিবির কোচ সোহেল ইসলাম এবং খালেদ মাহমুদ সুজনের অবদানের কথা। শান্ত বলেন, ” তারা দুজন সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন। তারা যেভাবে সমর্থন যুগিয়েছেন বা এখনও যোগান সেটা আমার ব্যাটিংয়ে অনেকটা সাহায্য করে। বিশেষ করে সুজন স্যার, টানা ৪ ম্যাচ খারাপ করার পরও বলেছিলেন, তুই আমাদের মূল খেলোয়াড়। তার কথায় অনুপ্রাণিত হই। আর তাই হয়তো এমন ইনিংস খেলতে পেরেছি।”
তিনি আরও জানান, ” সুজন স্যার সবসময় মানসিক ভাবে সমর্থন জোগান। তিনি ব্যাটিং স্কিল পরামর্শ দেন না৷ সব সময় বলেন, তুই সেরা প্লেয়ার। সবসময় প্রেরনা দেন। ইতিবাচক কথা বলেন। যা আত্মবিশ্বাস এনে দেয়। “
