তাসকিনে বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন ওয়াটসন!

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জয় দিয়ে শেষটা রাঙিয়েছে রংপুর রেঞ্জার্স। আর এই জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএল পর্ব শেষ হয়েছে রংপুরের ও অজি তারকা শেন ওয়াটসনের।

তবে বিদায় বেলায় রংপুরের অধিনায়ক বাংলাদেশের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মোহাম্মদ নাঈম শেখের ভূয়সী প্রশংসা করেছেন।

শুরুতে ছন্দে না থাকলেও বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে নিয়মিত পারফর্ম করেছেন পেসার তাসকিন আহমেদ। ৮ ম্যাচ খেলে ৯.১৫ ইকোনমি রেট এবং ২১.৬৩ গড়ে মোট ১১ টি উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে রংপুরের তরুণ ওপেনার নাঈম শেখও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বিপিএলের এই আসরে। মোট ১২ ম্যাচ খেলে ৩২.৬৩ গড়ে ৩৫৯ রান এসেছে তার ব্যাট থেকে। ছিলো ২টি অর্ধশত।

এই দুই তরুণ তুর্কিকে বাংলাদেশের ভবিষ্যত তারকা মনে করছেন শেন ওয়াটসন। ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

শেন ওয়াটসন তখন বলেন, ‘বাংলাদেশে বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। এদের মধ্যে তাসকিন আছে, নাঈম শেখ আছে যাদের বাংলাদেশের ক্রিকেটকে উপরে নিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে।’

১২ ম্যাচে ৫ টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ওয়াটসনের রংপুর রেঞ্জার্স। আর ১১ ম্যাচে ৭ জয় পাওয়া ঢাকা প্লাটুন ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এখন দুই নম্বরে রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »