সানিউজ্জামান সরল »
‘ইউনিভার্সাল বস’ নামটি দ্বারা এক বাক্যে সবাই গেইলকেই মানেন। কেননা, ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলেরই যে আরেক নাম এটা। রসিকতা করে হামেশাই নিজের এই নাম নিয়ে নিজেকেই গর্ব করতে দেখা গিয়েছে তাকে। তবে ৪০ বছর বয়সী এই ক্রিকেটার এবার যেন একটু সিরিয়াস!
বিশ্বক্রিকেটে নিজেদের ভালো পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের উপাধি পেয়েছেন ক্রিকেটাররা। কেউ বা স্পীড স্টার, কেউ আবার স্টেইন গান, কারো আবার কাটার মাস্টার নামেও সম্বোধন করা হয়ে থাকে। এমন আরো অনেক নামেই ক্রিকেটারদের ডাকা হয়, যার নামের পাশে যেটা শোভা পায়।
এরই ধারাবাহিকতায় উইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইলকে ‘ইউনিভার্সাল বস’ নামে সম্বোধন করা হয়। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি এই নামের উপাধি অর্জন করেন। ‘ইউনিভার্সাল বস’ এই নামটি ভবিষ্যতে আর কোন ক্রিকেটার নিজের নামের আগে যুক্ত করতে পারবেন না। এমনটাই মনে করেন ক্রিস গেইল।
আজ (৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে গেইলকে নিজের উত্তরাধিকারী নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আমার মতো কেউ আর হতে পারবে না। ক্রিস গেইল হওয়া ভবিষ্যতে কারো পক্ষেই সম্ভব না। ইউনিভার্সাল বস একজনই হয় আর সেটা ভবিষ্যতে একজনই থাকবে, আমি।’

তরুণ ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন গেইল। দিয়েছেন তাদের বিভিন্ন পরামর্শ। গেইলের ভাষ্যমতে, ‘একজন ক্রিকেটার তখনই প্রতিষ্ঠিত হতে পারে, যখন সে বিশ্বের সব জায়গাতেই পারফর্ম করে। আর তাছাড়া বড় মঞ্চেও জায়গা করে নিতে হবে। যা কিছুটা হলেও আমি আয়ত্ত করতে পেরেছি। ফলে আমাকে এখন আর কোথাও নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। আমি এখন কোথায় দাঁড়িয়ে, সেটা আপনারা ভালো করেই জানেন।’
এছাড়াও গেইল এ প্রজন্মের ক্রিকেটারদের, নিজেকে অনুসরণ করার পরামর্শও দিয়েছেন।
