সাজিদা জেসমিন »
সামনেই রয়েছে বাংলাদেশ – পাকিস্তান সিরিজ। আর এ-ই সিরিজ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। বাংলাদেশ সিরিজ খেলবে কি খেলবেনা এটা নিয়েই এখনো কিছু ঠিক হয়নি৷ আদৌ হবে কিনা সেটা নিয়েই রয়েছে সন্দেহ। আর এ-র মাঝেই শোনা যাচ্ছিলো অনেক প্লেয়ার নাকি পাকিস্তান যেতে রাজি নয়। অবশ্য পাকিস্তান সফরে যাওয়ার ক্ষেত্রে প্লেয়ারদের মত নেওয়াটাও জরুরি।
বিসিবি তাই সিনিয়র প্লেয়ারদের ডেকেছিলেন আজ। আর বিসিবির তথ্যমতে, কিছু প্লেয়ার রাজি হয়েছেন, আবার অনেকেই রাজি হননি পাকিস্তান সফরে যেতে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের মতে, মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন।
বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানান-
‘ক্রিকেটারদের থেকে বিভিন্ন মতামত আসছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আমরা ক্রিকেটারেদের সাথে আলোচনা করেছি মাত্র। সরকারের বর্তমান অবস্থান ও নিরাপত্তা সংকেতের ব্যাপারে ক্রিকেটারদের বিস্তারিত জানিয়েছি ।’
পাকিস্তান সিরিজে বাংলাদেশ ৩ টি টি-২০ ও ২ টি টেস্ট ম্যাচ খেলতে জানুয়ারির শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির শেষ অবধি সফরের সময় নির্ধারিত ছিলো। পাকিস্তান সফরের টেস্ট ২টি আইসিসির ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ। এ-র ব্যাপারে আগামী ১২ই জানুয়ারি বোর্ড সভার আলোচনা শেষে চূড়ান্তভাবে জানানো হবে।
এদিকে পিসিবির পক্ষ থেকে বলা হয় ক্রিকেটারদের সমস্যা থাকলে তারা পিএসএলের নিলামে কেন নাম দিয়েছিলো। যেখানে তারা জানতো সব ম্যাচ পাকিস্তানে হবে। যদিও বা সবাই নিলামে অবিক্রীত ছিলেন।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক নিলামের এক ক্রিকেটার ক্রিকবাজকে বিবৃতিতে বলেন- ‘ আমরা এজেন্টদের মাধ্যমে নিবন্ধনভুক্ত হই। তারাই সব আয়োজন সম্পন্ন করে। পরে আমরা জানিয়েছিলাম জিম্বাবুয়ে সিরিজ থাকায় আমরা খেলতে পারছিনা।’
