নো বল বিতর্কে আকসুর মুখোমুখি সান্টোকি

দুর্জয় দাশ গুপ্ত »

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বিতর্কিত নো বল করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার ক্রিসমার সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস।

প্রায় ঘণ্টা তিনেক সময় ধরে এই পেসারকে জেরা করেছে আকসু। তবে এখনও এর রিপোর্ট হাতে পাননি বলে জানিয়েছেন বিসিবি পরিচালক। জালাল ইউনুস জানান, ‘ ক্রিসমার স্যান্টোকিকে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সকল ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে। আর এ সমস্ত কাজগুলো করেছে আকসু।’

বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের হয়ে খেলেছেন ক্যারিবিয় পেসার সান্টোকি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চট্টগ্রামের বিপক্ষে বিতর্কের জন্ম দেন বাঁহাতি এই পেসার। প্রথমে স্বাভাবিকের চেয়েও অনেক বড় এক ওয়াইড দিয়ে সকলের নজরে আসেন তিনি।

একই ওভারে আবার পায়ের বড় এক নো বল করেন তিনি। পরবর্তীতে লক্ষ্য করে দেখা যায় নো বলটাও অস্বাভাবিক। মূলত এই এক ওভারে এমন দুটি ডেলিভারির পর সকলের সন্দেহ তৈরি হয় সান্টোকিকে নিয়ে।

বিসিবির কাছে বিভিন্ন সময় এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা কিছু না বলে আকসুকে দেখিয়ে দেন। কিন্তু এবার মুখ খুলেছে বিসিবি। তাদের পক্ষ থেকেই জানানো হয়ে, সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করেছে আকসু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »