সাজিদা জেসমিন »
বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে রাজশাহী রয়্যালস। ৫ম্যাচের ৪টি জিতে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে দলটি। দলটির পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক বিপিএলের পরিচিত মুখ। তার মুখেই এবার প্রশংসা ঝড়লো আফিফ-লিটনের প্রতি৷ এ সাথে এটাও মনে করেন তরুণদের সাফল্যের ভিত্তিতে খুব দ্রুতই একটি শিরোপা জিততে যাচ্ছে বাংলাদেশ।
মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথোপকথনকালে আফিফ-লিটনের প্রশংসায় ভাসেন এ-ই অলরাউন্ডার। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ব্যাপারে মালিকের মন্তব্য -‘বেশ ভালো কিছু তরুণ প্রতিভা রয়েছে এখানে। তারা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছে যা বাংলাদেশ ক্রিকেটের জন্য উত্তম। আফিফ ও লিটন দাস বেশ ধারাবাহিক আর যেকোন ফরম্যাটেই প্রথম তিন ব্যাটসম্যান যখন ধারাবাহিক পারফর্ম করবে তখন প্রতিপক্ষের জন্য এটা অবশ্যই হুমকিস্বরূপ।’
ঢাকা-চট্টগ্রামের উইকেটের পার্থক্য নিয়েও মন্তব্য করেন। মালিক বলেন, ‘পিচতো সবার জন্যই সমান। ইতিবাচক থাকাটাই আমাদের জন্য মুখ্য, পিচ নিয়ে ভাবছিনা কারণ আবহাওয়া ও পিচের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। আর এসব নিয়েই আমাদের ভাবনা। ড্রেসিং রুমে এসব নিয়েই আলোচনা হয়। কিন্তু যে ব্যাপারে আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা নেই তা নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে আমাদের ।’
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান মালিক। বিপিএল সম্পর্কে মালিক বলেন- ‘বিপিএল ভালো টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। প্রতিবছরই এর মান উন্নত হচ্ছে যা একটি ক্রিকেট দল, জাতি ও সংগঠনের জন্য ভালো দিক। সুতরাং আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই। আমি কর্তৃপক্ষকে অভিনন্দন জানাতে চাই সবকিছু সুন্দরভাবে পরিচালনা করায়।’
বাংলাদেশ ক্রিকেটে তরুণদের নিয়েও মালিক বলেন-
‘আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল কিংবা অনূর্ধ্ব ১৯ দল সবগুলোই কিন্তু দিন দিন উন্নতির দিকে এগুচ্ছে । যার মানে এখানে ক্রিকেট সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এবং আমি মনে করি যেভাবে এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট খুব শীঘ্রই তারা বড় কোন শিরোপা জয় করবে।’
