সাজিদা জেসমিন »
বলিউডের সাথে আইপিএলের সখ্যতা পুরোনো। আইপিএলের ফ্র্যাঞ্চাইজির সাথে বলিউড অভিনেতা-অভিনেত্রিগণ বহু আগে থেকেই যুক্ত। তবে দলে যুক্ত হয়ে মাঠে খেলতে কখনো দেখা যায়নি। আর এবার আইপিএলে এমনটিই হতে যাচ্ছে।
ভারতীয়রা বহুদিন যাবৎ ক্রিকেট ভিত্তিক বিভিন্ন সিনেমা নির্মাণ করে আসছেন। আর তারই ধারাবাহিকতায় বলিউডে নির্মিত ‘কাই পো চে’ সিনেমা। আর সেই সিনেমায় তরুণ ক্রিকেটার চরিত্র ‘আলী হাশমি’। সেই ‘আলী হাশমি’ চরিত্রে অভিনয় করা কিশোর দিগ্বিজয় দেশমুখ এবার বাস্তবিক অর্থেই ক্রিকেটার বনে গেলেন।
সিনেমাটি চলাকালীন দিগ্বিজয়ের বয়স ছিলো ১৪বছর। এরপর তিনি বাস্তব জীবনেও নিয়মিত খেলা চালিয়ে গেছেন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছেন মহারাষ্ট্র ক্রিকেট দলে। রঞ্জি ট্রফিতে একটি প্রথম শ্রেণির ম্যাচ ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সাতটি টি-টোয়েন্টি খেলেছেন দিগ্বিজয়। সব মিলিয়ে ১০৪ রান ও ১৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।
সিনেমায় মারকুটে ব্যাটসম্যানের ভূমিকায় অভিনয় করা এ-ই তরুণকে ২০লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। সেই সাথে বলিউড থেকে ক্রিকেটপাড়ায় এসে আইপিএলে নতুন এক দিগন্তের শুরু হলো দিগ্বিজয়ের মাধ্যমে। এবার সিনেমার মতো বাস্তবিক জীবনে কতদূর এগিয়ে যায় সেটাই দেখার বিষয়।
