এ কে শাহেদ »
আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। ইতিমধ্যেই প্লেয়ার ড্রাফট শেষ হয়ে গিয়েছে। তবে ড্রাফটে নাম ছিলো না মোশাররফ রুবেলের। ড্রাফট শেষেও কোনো দল তাকে দলে ভেড়ায় নি এখন পর্যন্ত। তবে তিনি খেলতে চান বিপিএল, ফিরতে চান ক্রিকেটে।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মোশাররফ রুবেল। তবে এই ক্রিকেটার দীর্ঘ দিন ব্রেইন টিউমারে আক্রন্তা ছিলেন। প্রায় এক বছর ব্যয়বহুল চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরেছেন ক্রিকেট মাঠে। এখন চালিয়ে যাচ্ছেন অনুশীলন। ইতিমধ্যে ঢাকা প্লাটুনের সঙ্গে অনুশীন করছেন তিনি। কেননা খেলতে চান বঙ্গবন্ধু বিপিএল।
এবার বিপিএলে অংশগ্রহণকারী সাত দলের মধ্যে দেশীয় একমাত্র কোচ সালাহউদ্দিন। গত আসরে কুমিল্লার হয়ে চ্যাম্পিয়ন হলেও এবার ঢাকায় দেখা যাবে তাকে। তার অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মোশাররফ রুবেল। যদি কোচ সালাহউদ্দিনকে সন্তুুষ্ট করতে পারেন তিনি, তবে মিলতে পারে বিপিএলে খেলার সুযোগ।
বৃহস্পতিবার মোশাররফ রুবেল জানিয়েছেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ, তাই ক্রিকেট মাঠে ফিরতে চাই। অনুশীলন চালিয়ে যাচ্ছি। ঢাকার সঙ্গে কথা বার্তা হচ্ছে। যদি সুযোগ পাই তাহলে খেলবো।’ তবে এ ব্যাপারে ঢাকা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
