বিপিএলে স্ট্রাইক রেট বাড়াতে মরিয়া বিজয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসের ১১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। এবারের আসরে ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে। ঢাকায় খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত তিনি। ঢাকাকে জেতাতে প্রয়োজন অনুসারে ১৪০+ স্ট্রাইক রেটেও খেলতে রাজি আছেন বিজয়।

আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বিজয় জানান, ‘আমরা যারা ক্রিকেটার আছি, সবারই ব্যক্তিগত একটা পরিকল্পনা থাকে। কিভাবে খেলবো, কতো ভালো খেলবো আর দলের জয়েই বা অবদান রাখতে পারবো কতটা, সবই একটা পরিকল্পনার অংশ। সবার মতো আমারো পরিকল্পনা রয়েছে। আমি চেষ্টা করবো দলের জয়ে অবদান রাখার। যদি প্রয়োজন হয় ১৪০+ স্ট্রাইক রেটে খেলতেও আমি রাজি আছি।’

বিপিএল থেকেই জাতীয় দলে সুযোগ হয় বিজয়ের। ফলে বিপিএলকে অনুপ্রেরণার মঞ্চ মানছেন বিজয়। বিজয়ের ভাষ্যমতে, ‘আসলে বিপিএল দিয়েই আমি আমার ক্যারিয়ারের যাত্রা শুরু করি। তাই আমি চাইবো, বিপিএল দিয়েই যেনো আমি পুনরায় জাতীয় দলের পথ সুগম করতে পারি।’

বিজয় আরো বলেন, ‘আমি মনে করি প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই বিপিএল বড় একটা মঞ্চ। আর তাছাড়া আমার ক্ষেত্রে ভালো লাগার জায়গা বিপিএল। কেননা এ পর্যন্ত ৬টা আসরের মধ্যে ৩টা আসরেই চ্যাম্পিয়ন হয়েছিলো আমার দল। তাছাড়া সেখানে আমি অবদানও রাখতে পেরেছিলাম।’

উল্লেখ্য, আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার জন্য বিপিএলের মঞ্চকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিসিবির ছুঁড়ে দেওয়া এই শক্ত পরীক্ষাতে পাশ করতে চান বিজয়।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »