নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঐতিহাসিক ইডেন টেস্টকে ঘিরে চারদিকে উৎসবমুখর পরিবেশ, সাজসাজ রব, গ্যালারি ভর্তি দর্শক আর সেই ম্যাচেই পুরো বাংলাদেশকে লজ্জায় ফেললো মুমিনুল হকের দল। ঐতিহাসিক এই টেস্টে কোনোরকমে একশ রানের কোটা পার করেছে বাংলাদেশ। অনেকেই বলছেন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটাই কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তবে টিম ম্যানেজমেন্ট কি ভেবেছিলেন চলুন সেটা জেনে নেওয়া যাক।
কাল সংবাদ সন্মেলনে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। টসের ব্যাপারে তিনি বলেন, প্রথমে মনে হয়েছিলো ভালো সিদ্ধান্ত কিন্তু পরে মনে হলো বাজে সিদ্ধান্ত।
টি-টোয়েন্টি সিরিজে মোটামুটি ভালোই করেছিলো বাংলাদেশ। কিন্তু সাদা পোষাকে এতটুকু লড়াই করতে পারছে না স্বাগতিকদের বিপক্ষে। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট হেরেছে এক ইনিংস ও ১৩০ রানের বিশাল ব্যবধানে। অনেকেই ভেবেছিলেন কলকাতায় ফিরে নিজেদের আস্থার প্রতিদান দেবে টিম টাইগার্স৷ কিন্তু এখানেও একই চিত্র। ইন্দোর টেস্টের মত ইডেনেও টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, জবাবে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ইডেন টেস্টের প্রথম দিনে ৩১ ওভারও খেলতে পারেননি মুশি-রিয়াদরা৷ আর এজন্যই অনেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা৷
এ ব্যাপারে হেড কোচ বলেন, ‘শুরুতে উইকেটে ছেলেরা যখন ব্যাটিং করে তখন ঝলমলে রোদ ছিলো। উইকেট সহায়ক ছিলো। প্রথম পাঁচ-ছয় ওভারে মনে হয়েছে উইকেট ফ্ল্যাট এবং ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভালো। কিন্তু যখন উইকেট হারাতে থাকলাম তখন মনে হয়েছে এটা বাজে সিদ্ধান্ত। সব মিলিয়ে জঘন্য একটা দিন কাটালাম আমরা। টসের ব্যাপারে বলবো বাংলাদেশ এখানে ভারতকে বড় রান করতে দিতে আসে নি। অনেকেই ভেবেছিলো বাংলাদেশ বোলিং নিবে আর ভারত ৪০০-৫০০ রান করবে। কিন্তু আমি সেজন্য এখানে আসি নি। উপমহাদেশে নিরানব্বই ভাগ সময় আপনাকে ব্যাটিং নিতে হবে। আমরা অনুতপ্ত না।’
