নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের আইকনিক সমর্থক শোয়েব আলি বুখারি। ডাক নাম টাইগার শোয়েব। দেশের ক্রিকেটকে সমর্থন দিতে বিশ্বব্যাপী খ্যাতি আছে তার। চলতি ভারত সফরেও টাইগারদের সমর্থন দিচ্ছেন মাঠে গিয়ে।
আর্থিক অসচ্ছলতার ফলে নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে টাইগার শোয়েবকে। এ সময়ে কখনো পাশে পাচ্ছেন ভারতীয় আইকনিক সমর্থক বন্ধু সুধীরকে, যিনি শোয়েবের জন্য ফ্লাইট ছেড়ে ট্রেনে করে রাজকোট থেকে নাগপুর এসেছেন।
ভারতের কড়া নিরাপত্তায় সুধীর মাঠে থাকতে পারলেও শোয়েবের ক্ষেত্রে দেখা দিয়েছে নানা বিপত্তি। তবে এবার শোয়েবের মাঠে যাওয়ার সমস্যা সমাধান করে দিলেন রোহিত।
স্টেডিয়ামে গিয়ে খুব কাছ থেকে ক্রিকেটারদের দেখতে পারবেন শোয়েব, এজন্য রোহিত ব্যবস্থা করে দিয়েছেন অনুমতি সম্বলিত কার্ড। রোহিত শর্মার এ অবদানে সহায়তা করেছেন বন্ধু সুধীর।
এই প্রসঙ্গে শোয়েব বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজ চলাকালে দেখা হয়নি। অনুশীলনের সময় গ্যালারিতে ছিলাম, রোহিত আমাকে দেখে ইশারা করেন। রোহিত ইশারা দিয়েছেন দেখে সিকিউরিটিরা সরে যায়, মাঠে ঢুকি। জিজ্ঞেস করল দেখা করিনি কেন। বললাম- ভাই, সিকিউরিটি অনেক কঠোর এখানে। দেখা করার চেষ্টা করেছি, পারিনি। বলল নিচে আসো, গেলাম। দেখা হল, কথাবার্তা হল। কোথায় আছি খোঁজখবর নিল। এরপর একজন উপরে পাঠাল। সুধীর নিয়ে গেল আমাকে। ওখানে কার্ড বানায়। আমার ছবি আর পাসপোর্টের ফটোকপি রাখল। চারটার সময় আসতে বলল। চারটায় গিয়ে দেখি আমার কার্ড হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা আনন্দের খবর এই কারণে- আমি সবসময় বাংলাদেশ দলের পাশে থাকতে চাই। পাশে থেকে চিৎকার করতে চাই, পতাকা উড়াতে চাই। তিনটা টি-টোয়েন্টিতে ঠিক পাশে থাকতে পারিনি। কারণ টিকিট দিতো দূরের গ্যালারির। সেজন্য মন খারাপ হত। ভাবতাম- দলের কাছে থাকার মত টিকিট হলে ভালো হতো। কার্ড দিয়ে এখন আমি যে গেট দিয়ে ইচ্ছা হয় ঢুকতে পারব, বের হতে পারব, যতবার খুশি। দলের কাছাকাছি থাকতে পারব- এটাই সবচেয়ে বড় পাওয়া, আনন্দের বিষয়।’
‘কার্ড হওয়ার পর আর কথা হয়নি। বাসে ওকে ইশারা করি। বললাম- হোটেলে তোমার সাথে দেখা করব। অন্যরকম একজন মানুষ। এত বড় একজন ব্যক্তিত্ব, ক্রিকেটার। এত বড় মন-মানসিকতা। অনেক ভালো লাগল।’
