নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিজে ছিলেন একজন ক্রিকেটার। ঢাকা প্রিমিয়ার লীগ, প্রথম বিভাগ ক্রিকেট মাতিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। ওরিয়ন স্পোর্টিং ক্লাব, রায়েরবাজার, কলাবাগান ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন। কিন্তু চোখের ইনজুরির জন্য দীর্ঘ হয়নি নিজের ক্রিকেট ক্যারিয়ার।
ইনজুরির কারণে ২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানালেও নিজেকে সরিয়ে নিতে পারেন নি ক্রিকেট থেকে। স্বপ্ন ছিল নিজে জাতীয় দলে খেলবেন কিন্তু তার স্বপ্নটা বাস্তবে পরিণত হয় নি। কিন্তু তাই বলে কি থেমে থাকবেন? নেমে না থেকে বেছে নিয়েছেন কঠিন এক কাজ। মেয়েদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন আরিফা জাহান বীথি। আর এজন্য রংপুরে গড়ে তুলেছেন ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমী।
আজ ২৬ অক্টোবর যাত্রা শুরু করেছে ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমী। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমীর উদ্ধোধন করা হয়। উদ্ধোধনী অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মেরিনা লাভলী ও রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক চায়না চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম।
ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফা জাহান বীথি নিউজ ক্রিকেট ২৪ কে জানান, ‘আমার লক্ষ্য বিনামূল্যে নারী, কন্যাশিশুদের জন্য ক্রিকেট খেলার উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করা। একইভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েদের ক্রিকেট খেলার প্রশিক্ষণ প্রদান করা এবং সমাজের মূল স্রোতধারায় মিশতে তাদের সাহায্য করা।’
বাংলাদেশে এই প্রথম কোন একাডেমী বিনামূল্যে মেয়েদের ক্রিকেট খেলার উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করে দিচ্ছে। এবং বীথিই প্রথম যার হাত ধরে শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েরাও ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবে।
বীথি নিজে একজন ক্রিকেটার ছিলেন আর এজন্যই তিনি জানেন একটি মেয়েকে ক্রিকেটার হতে হলে কত ঝড়ের সম্মুখীন হতে হয়। আমাদের ভবিষ্যৎ সালমা-জাহানারা তৈরি করতে সমাজে একজন বীথির খুব বেশি প্রয়োজন। বীথি বিশ্বাস করেন ভবিষ্যৎতের সালমা-রোমানারা ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমী থেকেই বেরিয়ে আসবে।
