নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলমান এনসিএলে ঢাকা মেট্রো ও চট্রগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়েছে চট্রগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানির বোলিং তান্ডবের পরও তাসামুল হকের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে সম্মানজনক এই পূঁজি পায় চট্রগ্রাম বিভাগ।
গতকাল প্রথম দিনে উইকেট শূন্য থাকা ঢাকা মেট্রোর অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি দ্বিতীয় দিনের শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। চট্রগ্রাম বিভাগের বাকী ৭ উইকেটের ৬ টি নিজের ঝুলিতে নিয়েছেন এই স্পিনার। আরাফাত সানির ভয়ঙ্কর বোলিংয়ের দিনে দিশেহারা চট্রগ্রাম বিভাগের ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র লড়াকু ছিলেন তাসামুল হক। নিয়মিত বিরতিতে বন্দরনগরীর এই দলটির উইকেট পড়তে থাকলেও একপ্রান্ত আগলে রেখে এককভাবে নিজের লড়াই চালিয়ে যান তাসামুল।
৯০ রান করে আরাফাত সানির বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে দলকে নিয়ে যান সম্মানজনক একটি সংগ্রহে। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া তাসামুল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখামুখি হয়ে জানান, ‘দলের প্রয়োজনে এমন একটি ইনিংস খেলতে পারায় খুব ভাল লাগছে, তার সাথে সাথে কাছাকাছি গিয়েও সেঞ্চুরি মিস হয়ে যাওয়ায় কিছুটা আক্ষেপ তো আছেই। সেঞ্চুরিটা হয়ে গেলে আরো ভাল লাগতো।’
অন্যদিকে, এনসিলের বিপ টেস্টে দুইবারই অকৃতকার্য হওয়া আরাফাত সানি বিশেষ বিবেচনায় সুযোগ পেয়েছিলেন এবারের এনসিএল খেলার। অভিজ্ঞ এই স্পিনার ৮৭ রান খরচায় তুলে নিয়েছেন প্রতিপক্ষ দলের ৬ উইকেট।
