রিয়াদকে মুগ্ধ করেছে বিপ্লবের আগ্রাসী মনোভাব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়ার সুবাদে গতকাল (১৯ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের বিরুদ্ধে একাদশে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ১৯ বছর বয়সী এ তরুণ মূলত একজন ব্যাটসম্যান হলেও, দলে সুযোগ পান লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। তিনি তার পারফরম্যান্সের মাধ্যমে অভিষেক ম্যাচেই কুড়িয়েছেন সতীর্থদের প্রশংসা।

বিপ্লবের অভিষেক ম্যাচটা বেশ ঝকঝকেই ছিলো বটে। নিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ১৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। মাত্র এক ম্যাচেই এমন সাফল্য পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিনার বনে গেছেন তিনি। যদিও গুগলিটা কার্যকরী ছিলো না। তবে তার বল ফেলার জায়গাটা ছিলো অসাধারণ। আর এর সাথে বিপ্লবের বোলিং স্পীডটাও বেশি ছিলো। যা একজন লেগ স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা।

বিপ্লবের বোলিংয়ের ধরন এবং শারীরিক প্রফুল্লতা দেখে বেশ মুগ্ধ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিপ্লবের বোলিং প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রিয়াদ জানান, “যে উৎসাহ নিয়ে বিপ্লব বল করেছে তা এক কথায় আউটস্ট্যান্ডিং। বিপ্লবের বোলিং করা, ফিল্ডিং করা এবং শারীরিক ভাষায় বুঝা যায়, বিপ্লব বেশ আক্রমনাত্মক একজন ক্রিকেটার। যা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। বিপ্লব যেভাবে শুরু করেছে আশা করি, বাংলাদেশকে সামনে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।”

অভিষিক্ত বিপ্লবকে পরামর্শ দিয়েছিলেন বলে জানান রিয়াদ। বিপ্লবকে মন খুলে খেলার পরামর্শ দিয়ে রিয়াদ বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে তোমার প্রথম ম্যাচ। সবাই এখানে কম বেশি স্নায়ুচাপে থাকে। যাই কিছু করবে বুকে সাহস নিয়ে করবে। এখানে ভয় পেলে চলবে না। সাহসীকতার সাথে এগিয়ে যেতে হবে। আর তাহলেই কাঙ্ক্ষিত সাফল্য পাবে। আমার মনে হয়, কথাগুলো ঠিকভাবেই মাথায় নিয়েছিলো বিপ্লব। যেভাবে বলেছি সেভাবেই মন খুলে খেলেছি, একটুও ভয় পায়নি।”

বাংলাদেশে লেগ স্পিনারের বেশ সঙ্কট। পাইপলাইনে তেমন কোনো লেগ স্পিনার নেই, যারা প্রত্যাশাটা ঠিকমতো মেটাতে পারে। বিপ্লবের আগে বেশ প্রত্যাশা নিয়ে জাতীয় দলে এসেছিলেন লিখন। তবে লিখন শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পারফরম্যান্স না করায় দলে তার জায়গা মজবুত করতে পারে নি। যদিও লিখনকে খুব বেশি একটা সাপোর্ট দেওয়া হয় নি। তবে কি এবার বিপ্লবকে পরিপূর্ণ সাপোর্টটা দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, “লিখনের শুরুর সময়টা দুর্দান্ত ছিলো। তার গুগলি বলগুলো বেশ কার্যকরী ছিলো। হয়তো লিখনের ফর্ম খারাপ হওয়ার কারনে দলে টিকতে পারে নি। তবে বিপ্লবকে আমার কাছে বেশ পরিপক্ক মনে হয়েছে। সবাই তাকে উৎসাহ দিয়েছে। আমার মনে হয়, তার ভবিষ্যত অনেকটা উজ্জ্বলই হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »