দীর্ঘ পাঁচ বছর পর সাগরিকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরোয়া টি-টোয়েন্টি নিয়মিত হলেও বেশ কয়েক বছর ধরেই হয় না আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এটা বলাই যায়, বন্দরনগরীর ক্রিকেট প্রেমীরা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে আন্তর্জাতিক খেলা উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে আজ বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ পাঁচ বছর পর আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

এখন পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১৭ টি। যার মধ্যে বাংলাদেশ খেলেছে ৪ টিতে আর জিম্বাবুয়ে আজকেই প্রথম এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন। যদিও বাংলাদেশ ৪টি ম্যাচ খেলেছে তবুও এই মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সুখস্মৃতি নেই। ৪ টি ম্যাচ খেলে ৩ টি তেই হারার স্বাদ গ্রহণ করেছেন টাইগাররা।

ঢাকা পর্বের শেষ ম্যাচের ব্যর্থতা ভুলে চট্টগ্রাম পর্বে ভালো শুরু পেতে চান টাইগাররা। চট্টগ্রামের পর্বের দলে বেশ ক’জন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া দেওয়া হয়েছে যাদের মধ্যে দুই একজনকে একাদশেও দেখা যেতে পারে। আজকে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে চান টাইগাররা। তবে এক্ষেত্রে টপ অর্ডারের সাথে সাথে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভালো করতে হবে।

এ নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে কথা বললে তিনি জানান, “প্রতিটি ম্যাচই আমরা জেতার জন্য মাঠে নামি। এ সিরিজে আমাদের আর ৩ টি ম্যাচ রয়েছে, যার ৩টি তেই আমরা জিততে চাই। আশা করি, জিম্বাবুয়েকে হারিয়ে আজই ফাইনাল নিশ্চিত করতে পারবো।”

উল্লেখ্য, বাংলাদেশের মতো জিম্বাবুয়েও জয় পেতে মরিয়া। তবে জিম্বাবুয়েকে পিছিয়ে দিচ্ছে তাদের ছন্নছাড়া বোলিং লাইনআপ, যা গত দুই ম্যাচে লক্ষ্যনীয়। তাই জিম্বাবুয়ের ক্রিকেটাররা আগের দুই ম্যাচে ব্যর্থতা ভুলে ঘুড়ে দাঁড়াতে চান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »