নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে জল্পনা-কল্পনার শেষ নেই। অক্টোবরেই বসতে যাচ্ছে নতুন বোর্ড গঠনের ভোটযুদ্ধ, যেখানে সভাপতির আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিকে সাবেক ক্রিকেটারদের কাউন্সিলর হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মিনহাজুল আবেদীন নান্নুর মতো অভিজ্ঞরাও।

এবার খেলোয়াড়দের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নির্বাচনে সরাসরি সম্পৃক্ত হতে চায়। সংস্থাটি বিসিবির কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছে, সাবেক ক্রিকেটারদের কোটা থেকে প্রতিনিধি মনোনীত করার দায়িত্ব তারা নিতে চায়।
চিঠিতে কোয়াব উল্লেখ করেছে—সংবিধান অনুযায়ী ক্যাটাগরি-৩ এর আওতায় পাঁচজন সাবেক জাতীয় অধিনায়ক এবং দশজন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়ার নিয়ম আছে। খেলোয়াড়দের স্বীকৃত সংগঠন হিসেবে কোয়াব মনে করে, ক্রিকেট প্রশাসনে খেলোয়াড়দের মতামত প্রতিফলিত হওয়া অত্যন্ত জরুরি। তাই তারা প্রস্তাবিত মনোনয়নগুলো গ্রহণের জন্য বিসিবির কাছে সহযোগিতা কামনা করেছে।
এই চিঠি স্বাক্ষর করেছেন কোয়াবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মিঠুন। তাদের প্রত্যাশা, খেলোয়াড়দের সরাসরি সম্পৃক্ততা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে গণতান্ত্রিক চেতনা ও অংশগ্রহণমূলক ধারাকে আরও শক্তিশালী করবে।
বিসিবির পরিচালক নির্বাচন সাধারণত তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ থেকে ১০ জন, ক্লাব থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুজন পরিচালক বোর্ডে আসেন। সব মিলিয়ে গঠিত হয় ২৫ সদস্যের বিসিবি বোর্ড।
