নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সশস্ত্র দেহরক্ষী চেয়ে আবেদন করেছে বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে সভাপতির নিরাপত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিচালনার স্বার্থে বুলবুলকে ঢাকাসহ দেশের নানা অঞ্চলে নিয়মিত ভ্রমণ করতে হয়। এসব কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে তাঁর জন্য সশস্ত্র নিরাপত্তা প্রয়োজন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এরই মধ্যে বুলবুল পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। শোনা যাচ্ছে, নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর নিরাপত্তায় অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য দায়িত্ব পালন করছেন, তবে তাঁরা নিরস্ত্র। আগে তারা লাইসেন্সকৃত অস্ত্র বহন করতে পারলেও এখন সেই সুবিধা আর নেই।
রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, সাধারণত সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা—যেমন প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রী বা সচিবরা—পোশাকি পুলিশ বডিগার্ড পান। অন্যদিকে, কেউ বিশেষ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে ‘থ্রেট অ্যাসেসমেন্ট’-এর মাধ্যমে যাচাই করে প্রয়োজন মনে হলে গানম্যান দেওয়া হয়।
উল্লেখ্য, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সংসদ সদস্য ও মন্ত্রী থাকার কারণে একজন এসআই পর্যায়ের দেহরক্ষী পেয়েছিলেন। তবে তিনি দায়িত্ব ছাড়ার পর নয় মাসের জন্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা ফারুক আহমেদকে কেবল নিরস্ত্র নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছিল। চলতি বছরের ৩০ মে থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল।
