নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি এশিয়া কাপের আসর বসছে আগামী ৯ সেপ্টেম্বর। তবে পুরো টুর্নামেন্টকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই—১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান মহারণ। রাজনৈতিক টানাপোড়েনের পর মাঠে দুই দলের এই প্রথম লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আর সেই আগ্রহের প্রতিফলন দেখা যাচ্ছে টিকিট বিক্রিতেও।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে টিকিট বিক্রির জন্য অনলাইন বুকিং চালু করেছে। তাদের ঘোষণায় জানানো হয়েছে, সমর্থকদের জন্য থাকছে তিন ধাপের ভিন্ন ভিন্ন প্যাকেজ। তবে সবচেয়ে সস্তা টিকিটও সাধারণ দর্শকের জন্য নাগালের বাইরে।
গ্রুপপর্বে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দেখতে ন্যূনতম টিকিটের দাম ধরা হয়েছে ৪৭৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৭০০ টাকা। সুপার ফোর পর্বে টিকিট আরও চড়া, শুরু ৫২৫ দিরহাম থেকে (প্রায় ১৭ হাজার ৪০০ টাকা)।
সবচেয়ে চাহিদাসম্পন্ন প্যাকেজ হলো ফাইনালসহ দুটি সুপার ফোর ম্যাচের টিকিট। এই বিশেষ প্যাকেজের ন্যূনতম মূল্যও ৫২৫ দিরহাম। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে এশিয়া কাপ ফাইনাল দেখতে চাইলে একেকজন দর্শককে গুনতে হবে লাখ টাকার কাছাকাছি।
প্রথম দফায় অনলাইনে বুকিং নেওয়া হলেও খুব শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ও আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও টিকিট কেনা যাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা।
